
NEET UG 2026: প্রথম দফায় নিট পরীক্ষা বাতিল হলেও ভেঙে পড়েননি বাঁকুড়ার কৃতি ছাত্র সচিন সেন৷ কঠোর পরিশ্রম এবং নিয়মিত প্রস্তুতির ফলেই NEET-এ নজরকাড়া র্যাঙ্ক করেছেন তিনি৷News18
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: NEET (UG) ২০২৬-এ দুর্দান্ত সাফল্য অর্জন করা খাতড়ার ছাত্র সচিন সেনকে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানালেন জঙ্গলমহলের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। ভিডিও কলে সচিনের সঙ্গে কথা বলে তাঁর এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী। পাশাপাশি তিনি জানান, খুব শীঘ্রই সচিনের বাড়িতে গিয়ে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাবেন। মন্ত্রীর এই বার্তায় উচ্ছ্বসিত সচিন ও তাঁর পরিবার।
প্রথম দফায় নিট পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার ধাক্কা অনেক পরীক্ষার্থীকেই মানসিকভাবে ভেঙে দিয়েছিল। কিন্তু সেই পরিস্থিতিতেও হার না মেনে নতুন উদ্যমে প্রস্তুতি নিয়ে দ্বিতীয়বার অনুষ্ঠিত NEET (UG) ২০২৬ পরীক্ষায় অংশ নিয়ে সচিন অর্জন করেছে অল ইন্ডিয়া র্যাঙ্ক ১৭৫২। ৭২০-এর মধ্যে ৬৪৬ নম্বর এবং ৯৯.৯১ পার্সেন্টাইল পেয়ে সে নজরকাড়া সাফল্য অর্জন করেছে।
সচিন সেন খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। বর্তমানে খাতড়া বাজার এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে। তার বাবা শেখর সেন একজন মধ্যবিত্ত ব্যবসায়ী। সীমিত সামর্থ্যের মধ্যেও পরিবারের অবিচল সমর্থন, কঠোর পরিশ্রম এবং নিয়মিত প্রস্তুতির ফলেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছে পরিবার। পরীক্ষা বাতিলের হতাশাকে শক্তিতে পরিণত করেই দ্বিতীয়বারের পরীক্ষায় নিজের সেরাটা তুলে ধরেছে সচিন।
স্কোরকার্ড অনুযায়ী, জীববিজ্ঞানে ৯৭.৮৬ শতাংশের বেশি, রসায়নে ৯৯.৭০ শতাংশের বেশি এবং পদার্থবিজ্ঞানে ৯৯.৯৩ শতাংশের বেশি পার্সেন্টাইল অর্জন করেছে সে। পাশাপাশি ওবিসি (এনসিএল) বিভাগে তার ক্যাটাগরি র্যাঙ্ক ৫৭৮। এই ফলাফলের ভিত্তিতে দেশের অন্যতম সেরা সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল বলে মনে করছেন শিক্ষামহলের একাংশ। সচিনের এই কৃতিত্ব খাতড়ার পাশাপাশি গোটা বাঁকুড়ার পড়ুয়াদের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠেছে।
