জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তামিল সুপারস্টার বিজয়ের অভিনয় জীবনের শেষ ছবি ‘জন নায়গন’ ঘিরে এখন পুরো দেশজুড়ে চরম উন্মাদনা। ছবি নিয়ে আপত্তি তুলেছিল সেন্সর বোর্ড। মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল সিনেমার মুক্তি। অবশেষে ২৩ জুলাই প্রেক্ষাগৃহের আলো দেখল অভিনেতা হিসাবে বিজয়ের শেষ ছবি। তবে এই উন্মাদনাকে দ্বিগুণ করে দিলেন বিজয়ের চর্চিত প্রেমিকা তথা জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। সম্প্রতি চেন্নাইয়ের একটি প্রেক্ষাগৃহে বিজয়ের এই শেষ ছবিটি দেখতে পৌঁছে যান তৃষা, আর তারপরই থিয়েটারের বাইরে তাকে ঘিরে তৈরি হয় তুঙ্গস্পর্শী উত্তেজনা!
চেন্নাইয়ের একটি সিনেমাহলে পরিবারের কয়েকজন সদস্য ও বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন তৃষা। সাদা টি-শার্ট ও নীল জিন্সের সঙ্গে হালকা গয়না এবং সানগ্লাসে প্রেক্ষাগৃহ প্রাঙ্গণে নামতেই তাকে ঘিরে ভক্তদের হুড়োহুড়ি পড়ে যায়।কিছুক্ষণের জন্য উত্তেজনা চরমে পৌঁছায়। ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে আসতে রীতিমতো বেগ পেতে হয় অভিনেত্রী তৃষাকে। ২০০৪ সালের ‘ঘিলি’ ছবি থেকে শুরু করে ‘লিও’-এর মতো একাধিক হিট ছবিতে বিজয়-তৃষা জুটিকে দেখেছেন দর্শকরা। পর্দায় তাদের কেমিস্ট্রি যেমন সুপারহিট, বাস্তব জীবনে তাদের সম্পর্ক নিয়েও গুঞ্জনের শেষ নেই। ফলে প্রেক্ষাগৃহে তৃষার উপস্থিতি ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেলে দেয়, যা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এবার আর ‘থলাপতি বিজয়’ নয়, সূত্রের খবর অনুযায়ী ছবিতে বিজয়ের নতুন টাইটেল কার্ডে লেখা হয়েছে “তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়”। নতুন সেন্সর সার্টিফিকেট অনুযায়ী এই বিশেষ পরিবর্তনের কারণে ছবির দৈর্ঘ্যও খানিকটা বেড়েছে। বিশ্বজুড়ে প্রায় ৭ থেকে ৮ হাজার পর্দায় ৩০টিরও বেশি দেশে একযোগে মুক্তি পাচ্ছে ছবিটি। কর্ণাটক-সহ একাধিক রাজ্যে সকাল ৬টার শো-এর জন্য অগ্রিম টিকিট বুকিং ইতিমধ্যেই হাউসফুল।
(Feed Source: zeenews.com)