জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রকাশিত ভিডিয়োতে দেখা যাচ্ছে– লম্বা কালো চুলের এক ব্যক্তি হালকা রঙের ট্র্যাকস্যুট পরে দুই হাতে দুটি বড় ছুরি নিয়ে এক তরুণীকে তাড়া করে আঘাত করার চেষ্টা করছে। তবে ওই তরুণী আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
জনবহুল রাস্তায় ছুরি দিয়ে একের পর এক মহিলাকে কোপ! হাড়হিম করা এই কাণ্ড প্যারিসে। কোনওমতে আততায়ীকে পাকড়াও করা হয়। তবে তারপর আততায়ী যে বয়ান দিয়েছে, তাতে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ থাকছে। সে সাফ জানিয়ে দিয়েছে, আল্লা তাকে এই কাজ করার নির্দেশ দিয়েছেন। সেই কারণেই সে এইভাবে হামলা চালিয়েছে।
ঘটনাটি ঘটেছে প্যারিসের পোর্ত দে ক্লিশি এলাকায়। ফরাসি মিডিয়া সূত্রে খবর, সোমবার দুপুরে আচমকাই ওই জনবহুল রাস্তায় ছুরি হাতে নিয়ে তেড়ে যায় এক যুবক। একে একে তিনজন মহিলাকে কোপ দেয় সে। ওর হাতে আহতদের বয়স ১৯, ২৪ এবং ৩৬ বছর। তবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি। আহতদের মধ্যে রয়েছেন একজন অন্তঃসত্ত্বাও। তিনজনের মধ্যে দু’জনের অবস্থা যথেষ্ট উদ্বেগজনক!
আততায়ীর পরিচয়ও অবশ্য প্রকাশ্যে আনেনি ফরাসি সরকার। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, হামলার খানিকক্ষণের মধ্যেই আততায়ীকে পাকড়াও করে ফেলেন স্থানীয় পথচারীরা। তখনই ওই ব্যক্তি বলতে থাকে, আল্লা আমাকে নির্দেশ দিয়েছেন বলেই এই কাজ করেছি! আপাতত তাকে গ্রেফতার করা হয়েছে। সত্যিই কেন এবং কী উদ্দেশ্যে এই হামলা করা হল, তা নিয়ে এখনও রহস্য রয়ে গিয়েছে। তদন্ত করছে ফরাসি পুলিস।
ছুরি হাতে নিয়ে এই তাণ্ডব-চালানো আততায়ীকে ধরার সম্পূর্ণ কৃতিত্ব আমজনতারই। জানা গিয়েছে, অফ ডিউটি এক পুলিসকর্মীর নেতৃত্বেই পথচারীরা ওই ব্যক্তিকে পাকড়াও করেন। একজন তাঁর সুটকেসটি ছুড়ে মারেন আততায়ীর দিকে। সেই আঘাতে তার হাত থেকে ছুরি পড়ে যায়। তার পরই সকলে মিলে আততায়ীকে ধরে ফেলেন। আপাতত আততায়ীকে গ্রেফতার করা হলেও তার পরিচয় জানতে পারেনি পুলিস। এবং জেরার মুখে একাধিক অসংলগ্ন মন্তব্য করেছে সে। তাই তদন্তেও সমস্যা দেখা দিচ্ছে।
(Feed Source: zeenews.com)