E20 পেট্রোলে ক্ষতিগ্রস্ত হতে পারে পুরনো BS-III গাড়ির রবারের যন্ত্রাংশ, বদলানোর প্রয়োজন হতে পারে: নিতিন গড়করি

E20 পেট্রোলে ক্ষতিগ্রস্ত হতে পারে পুরনো BS-III গাড়ির রবারের যন্ত্রাংশ, বদলানোর প্রয়োজন হতে পারে: নিতিন গড়করি

মন্ত্রী জানান, ১ এপ্রিল ২০০৫ থেকে চালু হওয়া এবং ২০১৬ সালের আগে নির্মিত পুরনো BS-III গাড়িগুলির পরীক্ষায় দেখা গিয়েছে, কিছু রবারের যন্ত্রাংশ ও গ্যাসকেট পরিবর্তনের প্রয়োজন হতে পারে।

পেট্রোলে ক্ষতিগ্রস্ত হতে পারে পুরনো BS-III গাড়ির রবারের যন্ত্রাং

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার বুধবার জানিয়েছে, ২০১৬ সালের আগে নির্মিত পুরনো BS-III গাড়িতে E20 পেট্রোল ব্যবহার করলে কিছু রবারের যন্ত্রাংশ এবং গ্যাসকেট পরিবর্তনের প্রয়োজন হতে পারে। তবে সরকার স্পষ্ট করেছে, ইথানল-মিশ্রিত এই জ্বালানি গাড়ির সামগ্রিক কর্মক্ষমতায় উল্লেখযোগ্য প্রভাব ফেলে না এবং ইঞ্জিনে কোনও ধরনের পরিবর্তনেরও প্রয়োজন হয় না। দ্য টাইমস অফ ইন্ডিয়া-র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রাজ্যসভায় সিপিআই সাংসদ এ এ রহিমের (CPI MP A A Rahim) প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি জানান, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম (IIP), দেহরাদুন, সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (SIAM) এবং অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ARAI) যৌথভাবে দুই-চাকা ও চার-চাকা গাড়িতে E20 জ্বালানির প্রভাব নিয়ে সমীক্ষা চালিয়েছে।

মন্ত্রী জানান, ওই সমীক্ষায় দেখা গিয়েছে, BS-VI গাড়িগুলি E20 জ্বালানি ব্যবহার করেও নির্ধারিত দূষণ নিয়ন্ত্রণের মান বজায় রাখতে সক্ষম। পাশাপাশি, গাড়ি ও মোটরসাইকেলের ইঞ্জিনে E20 জ্বালানি ব্যবহারের জন্য কোনও ধরনের পরিবর্তনের প্রয়োজন হয় না বলেও সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।

‘ইঞ্জিনে কোনও পরিবর্তনের প্রয়োজন নেই’:

নিতিন গড়করি বলেন, সমীক্ষার ফলাফলে দেখা গিয়েছে যে E20 জ্বালানি ব্যবহারে, এমনকি পুরনো গাড়ির ক্ষেত্রেও, কর্মক্ষমতার উপর কোনও উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব পড়ে না।

তিনি বলেন, ‘‘এই সমীক্ষাগুলি নিশ্চিত করেছে যে পুরনো গাড়িগুলিতেও E20 জ্বালানি ব্যবহারে কর্মক্ষমতায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি এবং অস্বাভাবিক ক্ষয়ক্ষতিরও প্রমাণ মেলেনি। গাড়ি চালানোর সক্ষমতা, স্টার্ট নেওয়ার ক্ষমতা, ধাতব অংশের সামঞ্জস্য কিংবা প্লাস্টিকের অংশের সামঞ্জস্য— কোনও ক্ষেত্রেই সমস্যা দেখা যায়নি।’’

তবে মন্ত্রী জানান, ১ এপ্রিল ২০০৫ থেকে চালু হওয়া এবং ২০১৬ সালের আগে নির্মিত BS-III গাড়িগুলির পরীক্ষায় দেখা গেছে, কিছু রবারের যন্ত্রাংশ ও গ্যাসকেট পরিবর্তনের প্রয়োজন হতে পারে।

গড়করি বলেন, ‘‘শুধুমাত্র ১ এপ্রিল ২০০৫ থেকে চালু হওয়া এবং ২০১৬ সালের আগে নির্মিত BS-III গাড়ির পরীক্ষায় দেখা গিয়েছে যে কিছু রবারের যন্ত্রাংশ ও গ্যাসকেট বদলানোর প্রয়োজন হতে পারে। তবে নিয়মিত সার্ভিসিংয়ের সময় খুব সহজেই এই কাজ করা সম্ভব।’’