
Rohit Sharma: আগামী বছর একদিনের বিশ্বকাপ। কিন্তু সেই দলে তারকা ওপেনার রোহিত শর্মার জায়গা পাকা হবে কিনা তা নিয়ে এখনও রয়েছে সংশয়। এবার আর চিন্তা বাড়ল হিটম্যানের!
ভারতীয় টি-২০ দলের পাকাপাকি ওপেনার অভিষেক শর্মা। খেলেছেন অসংখ্য বিধ্বংসী ম্যাচ উইনিং ইনিংস। আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকাতেও দীর্ঘ সময় এক নম্বর স্থানে ছিলেন তিনি। একদিনের ক্রিকেটে এখনও অভিষেক হয়নি অভিষেক। কিন্তু এবার ৫০ ওভারের ক্রিকেটে এমন এক টর্নেডো ইনিংস খেললেন তিনি, যা সকলকে চমকে দিয়েছে।
আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফরে নিজের সেরা ছন্দে ছিলেন না ভারতীয় দলের তারকা ওপেনার অভিষেক শর্মা। তাও যুক্তরাজ্য সফরে দু-একটি ম্যাচে রান পেলেও জিম্বাবোয়ে সফরে পরিস্থিতি আরো খারাপ হয় অভিষেকের। তিন ম্যাচে যথাক্রমে ১, ৮ ও ২ রান করে বেশ কিছুটা সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
টানা ব্যাটে রানের খরার ফলে সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল তারকা ব্যাটারকে। তবে এবার পঞ্জাব স্টেট আন্তঃজেলা সিনিয়র একদিনের সীমিত ওভারের টুর্নামেন্টে খেললেন স্মরণীয় ইনিংস। প্রতিযোগিতায় তারানের বিরুদ্ধে অমৃতসর দলের হয়ে খেলার সময় তিনি মাত্র ৯১ বলে ২৩৩ রানের এক চোখধাঁধানো ও ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক শর্মা।
বিধ্বংসী ব্যাটিং করে প্রায় ২৫৬.০৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করে তিনি নিজের ইনিংসে ১৫টি চার এবং অবিশ্বাস্য ২৫টি ছক্কা হাঁকান। প্রথম উইকেটে সতীর্থ অভয় চৌধুরীর (৮৫ বলে ৯৩) সঙ্গে তিনি ৩০৫ রানের এক বিশাল পার্টনারশিপ গড়েন। ২৫তম ওভারের চতুর্থ বলে আউট হওয়ার আগে দলের জন্য জয়ের শক্ত ভিত গড়ে দেন অভিষেক।
তাঁর এই ধ্বংসাত্মক ব্যাটিংয়ের ওপর ভর করেই অমৃতসর নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৩৩ রানের পাহাড়প্রমাণ স্কোর সংগ্রহ করে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নিজের পুরোনো আক্রমণাত্মক ফর্ম ও আত্মবিশ্বাস আবার প্রমাণ করলেন তিনি। একইসঙ্গে ৫০ ওভারের ম্যাচে এই ইনিংলের সৌজন্যে বুঝিয়ে দিলেন সুযোগ পেলে ওডিআই ক্রিকেটেও পারফর্ম করতে প্রস্তুত তিনি।
ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, অভিষেক শর্মার এই ইনিংস ওডিআই বিশ্বকাপের আগে নির্বাচকদের নজরে আসতে পারে। এমনিতেই ওডিআই বিশ্বকাপের দলে রোহিত শর্মা শেষ পর্যন্ত সুযোগ পাবেন কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। লর্ডসে শেষ ওডিআইতে রোহিত সেঞ্চুরি করলেও জায়াগা এখনও পাকা হয়নি বলেই মত বিশেষজ্ঞদের। অভিষেকের এই ইনিংস রোহিতের উপর চাপ বাড়ায় কিনা সেটাই দেখার।
(Feed Source: news18.com)
