)
Chinmoy Krishna Das Bail: ২০২৪ সালের ৩১ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস-সহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জোড়া মামলায় জামিন পেলেন প্রাক্তন ইসকন সন্ন্যাসী ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। তবে জামিন পেলেও আপাতত তিনি মুক্তি পাচ্ছেন না। অন্য আরও মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।
ভাঙচুর, হামলা, সরকারি কাজে বাধার অভিযোগে করা পৃথক ২ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে গত বছরের ১ সেপ্টেম্বর হাইকোর্ট একটি শুনানি হয়। ২৬ জুলাই সেই শুনানি শেষে আদালত ২ আগস্ট রায়ের জন্য দিন রাখেন। সেই রায়ে চিন্ময়কৃষ্ণকে জামিন দেওয়া হল।
চিন্ময় কৃষ্ণের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন,চিন্ময়ের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার বিচার ট্রাইব্যুনালে চলছে। দেশবিরোধী কার্যকলাপের মামলায় তাঁর জামিন স্থগিত হয়েছে। অন্য ৪ মামলার মধ্যে দুটিতে জামিন পেলেন তিনি। বাকি দুই মামলায় জামিন প্রশ্নে রুল শুনানির জন্য ১৬ আগস্ট দিন ধার্য রয়েছে।
উল্লেখ্য, মহম্মদ ইউনুসের সময়ে চট্টগ্রামে একটি কর্মসূচিতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে চিন্মকৃষ্ণের বিরুদ্ধে। রাষ্ট্রদ্রোহের মামলায় ২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ওই মামলায় অভিযুক্ত ছিলেন ৩১ জন। এ ছাড়া হত্যাচেষ্টা, হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় চারটি মামলা হয়।
২০২৪ সালের ৩১ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস-সহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে বিভিন্ন মামলায় তিনি জেলেই আছেন।
একসময় ইসকনের সদস্য ছিলেন চিন্ময়কৃষ্ণ দাস। বর্তমানে তিনি ‘সম্মিলিত সনাতন জাগরণ জোট’ নামের একটি হিন্দু সংগঠনের মুখপাত্র। দাসের বিরুদ্ধে থাকা মামলাগুলো আদালতের বিভিন্ন পর্যায়ে বিচারাধীন রয়েছে।
তার চিকিৎসকরা ও আইনজীবীরা দীর্ঘদিন ধরে তার জামিনের চেষ্টা করছেন। তাদের যুক্তি, তিনি বিভিন্ন অসুস্থতা নিয়ে দীর্ঘ সময় ধরে জেলে বন্দি রয়েছেন। এর আগে তার বেশ কয়েকটি জামিনের আবেদন হয় নাকচ করা হয়েছে, না হয় স্থগিত রাখা হয়েছে।
(Feed Source: zeenews.com)
