Weightlifting : টালির চালার ঘরে অভাবের সংসার, বাবা নেই, মায়ের লড়াইয়ের মূল্য দিল হাওড়ার তিতলি, দেশের হয়ে জিতল রুপোর পদক

Weightlifting : টালির চালার ঘরে অভাবের সংসার, বাবা নেই, মায়ের লড়াইয়ের মূল্য দিল হাওড়ার তিতলি, দেশের হয়ে জিতল রুপোর পদক

Howrah News : অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী। বাবাকে হারিয়েছে এই মেয়ে। মায়ের লড়াইয়ের মূল্য দিয়ে ভারোত্তোলনে তিতলি মাঝির সাফল্য। জিতল রুপোর পদক।

আন্তর্জাতিক মঞ্চে তিতলির হাতে রুপোর পদক। কিন্তু এই সফলতার পেছনে আসল লড়াই জানেন? জানলে ভিজবে চোখের কোণ। উজবেকিস্তানে আয়োজিত এশিয়ান ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে দেশকে পদক জেতাল হাওড়া’র তিতলি মাজি। উজবেকিস্তান থেকেই জয়ের আলো হাওড়ার দেউলপুর গ্রামের এক চিলতে টালির চালের ভাঙা বাড়িতে। পরিবারে অভাব অনটন ছিল নিত্যদিনের সঙ্গী। সমস্ত বাধা বিপত্তিকে তুচ্ছ করে আন্তর্জাতিক মঞ্চে দেশের জাতীয় পতাকা ওড়াল এই মেয়ে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)

পিতৃহারা দুই মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন এক মা। কয়েক বছর আগে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে ভারত্তোলন খেলায় যুক্ত করা মেয়েদের। স্বপ্ন ছিল দেশের নাম উজ্জ্বল করবে মেয়ে, তার হাতে উড়বে দেশের জাতীয় পতাকা। মায়ের সেই স্বপ্ন সত্যি করে আন্তর্জাতিক মঞ্চে রুপোর পদক জয় করল তিতলি মাজি।

অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান তিতলি । সমস্ত প্রতিকূলতা ও আর্থিক অনটনকে পিছনে ফেলে এই সাফল্য। এশিয়ান ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ৪৫ কেজি বিভাগে স্ন্যাচ ৬৫ কেজি এবং জার্ক ৮০ ভার উত্তোলন করে তিতলি। দ্বিতীয় স্থান অধিকার করে রূপো অর্জন করেছে সে। মায়ের চেষ্টায় দুই বোন এক সঙ্গে হাত ধরে গ্রামের প্রশিক্ষণ শিবিরে হাজির হয়েছিল। একজন লড়াকু মায়ের স্বপ্ন পূরণে গ্রামের প্রশিক্ষক বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিতলির এই সাফল্যে সকলেই আজ আনন্দিত।

জরির কাজ এবং গ্রামের একটি প্রাথমিক স্কুলে মিড ডে মিলে কাজ করে সামান্য অর্থ পান। আর্থিক অভাব-অনটন ছিলই। সেই সঙ্গে গ্রামে সঠিক পরিকাঠামোর ঘাটতি থাকা সত্ত্বেও কেবল অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ওপর ভর করে আজ আন্তর্জাতিক মঞ্চে ভারতের জাতীয় পতাকা তুলে ধরেছে তিতলি। আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতায় কঠিন প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিয়ে রূপো জয় করা তরুণ এই অ্যাথলেটের জীবনের এক বিরাট মাইলফলক।

তিতলির এই সাফল্যে তাঁর পরিবার, কোচ এবং গ্রাম জুড়ে খুশির হাওয়া বইছে। নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে তাঁর এই অর্জন শুধু তাঁর পরিবারের জন্যই নয়, পুরো রাজ্যের ক্রীড়ামহলের জন্য এক বিরাট অনুপ্রেরণা। আন্তর্জাতিক মঞ্চে তিতলি মাজির এই সাফল্য আগামী দিনে আরও অনেক তরুণ ক্রীড়াবিদকে এগিয়ে যেতে উৎসাহিত করবে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)

(Feed Source: news18.com)