মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই

মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই

 

নয়াদিল্লি: প্রাণ যায় যায় অবস্থা বলে শোনা গিয়েছিল। অঙ্গহানি হয়েছে বলেও উঠেছিল দাবি। কেন জনসমক্ষে আসছেন না, উঠছিল প্রশ্ন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার দেশের সর্বোচ্চ শাসক মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান। মোজতবার অবস্থা সঙ্কটজনক, তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে একদিন আগেই দাবি করেছিল ইজ়রায়েলি সংবাদমাধ্যম। আর তার পরই ইরান তাঁর ভিডিও প্রকাশ করল। (Mojtaba Khamenei First Video)

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা Mehr মোজতবার ভিডিও প্রকাশ করেছে। ভিডিওয় দেখা গিয়েছে, বেশ কয়েকজনের সঙ্গে বসে রয়েছেন মোজতবা। তাঁদের মধ্যে কিছু আলোচনা চলছে। ভিডিও-য় সম্পূর্ণ সুস্থই দেখাচ্ছে মোজতবাকে। (Mojtaba Khamenei Health)

একদিন আগেই ইজ়রায়েলি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, মোজতবার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে তারা। এমনকি The Jerusalem Post-এর তরফে এক সূত্রকে উদ্ধৃত করা হয়, যিনি বলেন, “যে কোনও সময় ওঁর মৃত্যুর খবর পেলে অবাক হব না।”

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইরানে হামলা চালায় আমেরিকা এবং ইজ়রায়েল। সেই হামলায় মারা যান মোজতবার বাবা, ইরানের তদানীন্তন সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই এবং তাঁর পরিবারের বেশ কয়েক জন। জানা যায়, হামলা চালানোর সময় ওই বাড়িতে ছিলেন মোজতবাও। কিছু ক্ষণের জন্য় বাগানে বেরিয়েছিলেন তিনি। তাই প্রাণে বেঁচে যান। তবে গুরুতর আহত হন তিনি। মোজতবার অঙ্গহানি হয়েছে, একটি চোখ চলে গিয়েছে বলে দাবি করে আমেরিকাও।

ইরান যদিও মোজতবার মৃত্যুর খবর উড়িয়ে দেয়। তবে মোজতবা কী অবস্থায় আছেন, কোথায় আছেন, তা খোলসা করেনি তারা। ২৮ ফেব্রুয়ারি ওই হামলার পর এযাবৎ একটিবারও জনসমক্ষে দেখা যায়নি মোজতবাকে। এমনকি বাবার শেষকৃত্যেও গরহাজির ছিলেন তিনি। মাঝে কয়েক বার লিখিত বিবৃতি জারি করলেও, প্রকাশ্যে আসেনি। ফলে তাঁকে নিয়ে জল্পনা বাড়তে থাকে। তবে এবার সরাসরি মোজতবার ভিডিও প্রকাশ করল ইরান।

(Feed Source: abplive.com)