
Cheap Flight Tickets: বাঙালির প্রিয় ছুটির ঠিকানা হল উত্তরবঙ্গের পাহাড়। এদিকে উত্তরবঙ্গের ট্রেন আর বাসের চাহিদা সবসময় আকাশছোঁয়া। টিকিটের দামও চরচরিয়ে বাড়ছে। কিন্তু আপনি মাত্র ২-৩ হাজারের টিকিটে প্লেনে চেপেই কলকাতার এয়ারপোর্ট থেকেই পাহাড়ের কাছে পৌঁছতে পারেন। কী প্লেন? কখন ছাড়ে? জেনে নিন ফ্লাইটের বিস্তারিত
পুজোর ছুটিতে বাঙালির প্রিয় ডেস্টিনেশন উত্তরবঙ্গের পাহাড় কিংবা ডুয়ার্স। কিন্তু দুর্গাপুজোর আগে ট্রেনের টিকিট পাওয়া এখন বড় চ্যালেঞ্জ। কনফার্ম টিকিট না মেলায় অনেকেই বাসের দিকে ঝুঁকছেন, কিন্তু সেখানেও চড়া ভাড়া গুনতে হচ্ছে। এই পরিস্থিতিতে কম খরচে এবং দ্রুত উত্তরবঙ্গে পৌঁছনোর বিকল্প হিসেবে সামনে আসছে বিমান পরিষেবা। নিশ্চয়ই ভাবছেন, এ আবার কেমন কথা? ট্রেন- বাসে না চেপে প্লেন, তাও আবার সস্তায়? ঠিকই শুনেছেন! উত্তরবঙ্গ ঘুরতে পারবেন প্লেনে চেপেই। একেবারে সস্তায়
প্লেনে চেপে উত্তরবঙ্গে যেতে হলে আপনাকে নামতে হবে বাগডোগরায়। কলকাতা থেকে বাগডোগরা পর্যন্ত বিমানের ভাড়া গোটা বছর জুড়েই থাকে আকাশছোঁয়া। সাধারণের বাজেটের বাইরে। কিন্তু অনেকেই জানেন না, বিকল্প একটা রুটে একদম সস্তায় উত্তরবঙ্গ পৌঁছোনো যায়। কী সেই রুট? কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যালায়েন্স এয়ারের বিমান ছাড়ে। এই বিমানগুলি যায় রূপসি বিমানবন্দরে। রূপসিতে নেমে আপনি সহজেই পৌঁছতে পারবেন উত্তরবঙ্গ। কলকাতা থেকে রূপসির ভাড়া সাধারণত ২-৩ হাজারের মধ্যে থাকে। কখনও কখনও এর থেকেও কম দামে টিকিট মেলে। ফলে ট্রেন বা বাসের টিকিটের জন্য হাহাকার না করে বিমান চেপেই পৌঁছে যান উত্তরবঙ্গের একেবারে কাছাকাছি।
অ্যালায়েন্স এয়ারের বিমান কলকাতার দমদম বিমানবন্দর থেকে অসমের রূপসি বিমানবন্দর পর্যন্ত যায়। রূপসি বিমানবন্দর ধুবরি শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে। বিমানবন্দরে নামার পর সেখান থেকে শেয়ার গাড়ি বা গাড়ি ভাড়া করে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়া যায়। অর্থাৎ দার্জিলিং, ডুয়ার্স-সহ বিস্তীর্ণ উত্তরবঙ্গের পর্যটনকেন্দ্রগুলিতে যাওয়ার জন্য এই রুটটি বিকল্প পথ হিসেবে ব্যবহার করা যেতে পারে।
রূপসি থেকে শেয়ার গাড়িতে চেপে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যাওয়া খুব সহজ। ভাড়াও একেবারে কম। ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে শেয়ার গাড়িতে করে পৌঁছে যেতে পারেন। ফলে বিমান ভাড়া ও সড়কপথের খরচ মিলিয়েও এই রুট অনেক বেশি সাশ্রয়ী। বিশেষ করে সময় বাঁচে। পরিশ্রম কম হয়।
তবে অ্যালায়েন্স এয়ারের কলকাতা-রূপসি ফ্লাইট সপ্তাহে নির্দিষ্ট কয়েকদিন চললেও সময়সূচিতে পরিবর্তন হতে পারে। তাই যাত্রার আগে অবশ্যই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের অফিসিয়াল বুকিং প্ল্যাটফর্মে ফ্লাইটের দিন, সময় এবং ভাড়া যাচাই করে নিন। ট্রেন বাস এড়িয়ে যদি কম খরচে প্লেনে চেপে উত্ররবঙ্গে যেতে চান, তবে অবশ্যই চেপে বসুন কলকাতা-রূপসি বিমানে।
(Feed Source: news18.com)
