দিল্লি মেট্রোয় মহিলার ছবি তোলার অভিযোগ! যাত্রীদের দিকে পিস্তল তাক করার অভিযোগ CISF জওয়ানের বিরূদ্ধে

দিল্লি মেট্রোয় মহিলার ছবি তোলার অভিযোগ! যাত্রীদের দিকে পিস্তল তাক করার অভিযোগ CISF জওয়ানের বিরূদ্ধে

দিল্লি মেট্রোর AIIMS স্টেশনে এক মহিলার অনুমতি ছাড়া ছবি তোলার অভিযোগকে কেন্দ্র করে বচসায় যাত্রীদের দিকে সার্ভিস পিস্তল তাকানোর অভিযোগ উঠেছে এক CISF জওয়ানের বিরুদ্ধে।

নয়াদিল্লিঃ দিল্লি মেট্রোয় ফের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এক মহিলার অনুমতি ছাড়া তাঁর ছবি তোলার অভিযোগকে কেন্দ্র করে বচসার মধ্যে যাত্রীদের দিকে সার্ভিস পিস্তল তাকানোর অভিযোগ উঠল এক CISF জওয়ানের বিরুদ্ধে। রবিবার রাতের এই ঘটনার পর অভিযুক্ত জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে বলে CISF সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।
ঘটনাটি রাত প্রায় ৯টা নাগাদ AIIMS মেট্রো স্টেশনে ঘটেছে বলে জানা গিয়েছে। অভিযোগ, ওই জওয়ান গোপনে তাঁর ছবি তুলেছেন বলে এক মহিলা যাত্রী অভিযোগ করেন। এরপর কয়েকজন যাত্রী তাঁকে ফোনটি দেখানোর বা হস্তান্তরের দাবি জানান। তা নিয়েই বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জওয়ান যাত্রীদের দিকে নিজের সার্ভিস পিস্তল তাক করেন বলে অভিযোগ।
এরপর ওই জওয়ান মেট্রো কামরা থেকে প্ল্যাটফর্মে নেমে যান। অভিযোগ, তখনও তাঁর হাতে পিস্তল ছিল। ঘটনায় মেট্রোর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে খবর, রাত ১২টা ৪০ মিনিট নাগাদ এই ঘটনা নিয়ে PCR কল আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও ওই মহিলা কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি। পরে CISF কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। এই ঘটনায় নিরাপত্তাকর্মীরাও আহত হয়েছেন বলে জানা গিয়েছে, যদিও কীভাবে তাঁরা আহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।
CISF সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে এবং ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি মেট্রো পুলিশের কাছেও জানানো হয়েছে।
এর আগে দিল্লি মেট্রোয় মহিলাদের অনুমতি ছাড়া ছবি বা ভিডিয়ো করার অভিযোগে একাধিক ঘটনা সামনে এসেছে। সম্প্রতি এক মহিলা যাত্রী এক ব্যক্তিকে গোপনে তাঁর ছবি তুলতে দেখার অভিযোগ করেছিলেন। ওই ব্যক্তি ছবি মুছে দিলেও মহিলা তাঁর ফোনের ‘Recently Deleted’ ফোল্ডারে সেই ছবি ও ভিডিও খুঁজে পান। ঘটনাটি পরে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গত বছরও দিল্লি মেট্রোয় এক মহিলার ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে এক ব্যক্তির বিরুদ্ধে প্রায় ১৫ মিনিট ধরে তাঁর দিকে তাকিয়ে থাকার অভিযোগ তুলে মহিলা তাঁকে প্রকাশ্যে প্রশ্ন করেছিলেন।
পরপর এই ধরনের ঘটনায় দিল্লি মেট্রোয় যাত্রীদের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে অনুমতি ছাড়া ছবি তোলার অভিযোগ কীভাবে মেট্রোর ভিতরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করছে, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
(Feed Source: news18.com)