
Durand Cup 2026 : ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। তবে কোয়ার্টার ফাইনালে সেনার দলকে হারাতে যথেষ্ট চাপে পড়ে যায় তারা। অবশেষে এক গোলে জয় আসে।
কলকাতা : সল্টলেক স্টেডিয়ামে রবিবার ১৩৫তম ডুরান্ড কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল এফসি ভারতীয় সেনার দলকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
সেমিফাইনালে কলকাতার দল বুধবার একই মাঠে স্পোর্টিং ক্লাব দিল্লির মুখোমুখি হবে। শেষ আটের প্রথম ম্যাচে এফসি রায়েংদাইকে ৫-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে দিল্লির দল।
অনেক সুযোগ মিস করেও ম্যাচ জিতল ইস্টবেঙ্গল-
৩৯তম মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন পিভি বিষ্ণু। ক্রিস্টোফার ইকোনোমিডিসের নিখুঁত ক্রস থেকে হেড করে বল জালে জড়িয়ে দেন তিনি। এই ম্যাচে একের পর এক সুযোগ মিস করেছে লাল-হলুদ। আর্মির দলকে হারাতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের।
প্রথমার্ধে ইস্টবেঙ্গল ম্যাচে আধিপত্য বজায় রাখে এবং একাধিক গোলের সুযোগ তৈরি করে। তবে ভারতীয় সেনার গোলরক্ষক ভাবিন্দ্র মল্ল ঠাকুরি একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। সম্প্রতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে যোগ্যতা অর্জন করা ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেলেও সেগুলিকে গোলে পরিণত করতে পারেনি। তবে দলের রক্ষণভাগ শেষ পর্যন্ত দৃঢ়তা দেখিয়ে ক্লিন শিট বজায় রাখে।
এদিকে, রাঁচির বিরসা মুন্ডা স্টেডিয়ামে স্পোর্টিং ক্লাব দিল্লি দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে টুর্নামেন্টে অভিষেক হওয়া এফসি রায়েংদাইকে ৫-১ গোলে হারিয়েছে। ম্যাচের ৯ মিনিটের মাথায় দুর্দান্ত দূরপাল্লার শটে গোল করে মণিপুরের দল রায়েংদাইকে এগিয়ে দেন চোংথম কিশান সিং।
ভারতীয় দলের ফুটবলারকে নামান দিল্লির কোচ-
হাফটাইমের পর স্পোর্টিং ক্লাব দিল্লির কোচ তমাস তখোরজ় ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের ফরোয়ার্ড জোসেফ সানিকে মাঠে নামান। কোচের এই সিদ্ধান্ত কাজে দেয়। মাত্র ১০ মিনিটের ব্যবধানে দুটি গোল করে দিল্লিকে ৬৭ মিনিটের মধ্যে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সানি।
এরপর রদ্রিগুইনহো, হুয়ান সেবাস্তিয়ান পেনা এবং অগাস্টিন লালরোচানা আরও একটি করে গোল করেন। শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তনে ৫-১ ব্যবধানে জয় পায় স্পোর্টিং ক্লাব দিল্লি।
কোয়ার্টার ফাইনালের ফলাফল
রাঁচি: স্পোর্টিং ক্লাব দিল্লি ৫ (জোসেফ সানি ৫৭, ৬৭, রদ্রিগুইনহো ৮২, হুয়ান সেবাস্তিয়ান পেনা ৯০+৩, অগাস্টিন লালরোচানা ৯০+৮) — এফসি রায়েংদাই ১ (চোংথম কিশান সিং ৯)।
(Feed Source: news18.com)
