রাজীব চক্রবর্তী: ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে নিরাপত্তা ব্যারিকেড সরানোর তিন দিনের মাথায় নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে অনুমোদিত সীমানার বাইরে থাকা একাধিক কাঠামো ও ব্যারিকেড ভেঙে দিল প্রশাসন। সরিয়ে নেওয়া হল নিরাপত্তা রক্ষী। ইসলামাবাদ এবং নয়াদিল্লির এই দুটি ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে টানাপড়েন তৈরি হয়েছে।
কী ঘটেছে? ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জেসিবি দিয়ে সরানো হয়েছে রেলিং, গেট, টিনের ছাউনি, ট্রাফিক এবং ভিসা বিভাগের কাছে থাকা লাইন নিয়ন্ত্রণের আনুষঙ্গিক জিনিসপত্র। প্রশাসনের দাবি, এগুলি হাইকমিশনের অনুমোদিত সীমানার বাইরে তৈরি হয়েছিল। ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায় ভাঙা ধাতব কাঠামো, ইট ও কংক্রিটের ধ্বংসাবশেষ।
সময়ের হিসেবেই এই ঘটনা তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। অন্তত সংশ্লিষ্ট মহল সেটাই বলছে। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে পাকিস্তানের ব্যারিকেড সরানোর ঠিক ৩ দিন পর দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের নিরাপত্তা পরিধি সরানোয় কূটনৈতিক মহলে উঠছে ‘টিট-ফর-ট্যাট’-এর তত্ত্ব।
বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদ
দিনকয়েক আগে মার্কিন রাষ্ট্রদূত তথা দক্ষিণ-মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের কাশ্মীর সফর এবং তাঁর মন্তব্য ঘিরে ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
তবে, সরকারি ব্যাখ্যায় এটি বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদের প্রশাসনিক পদক্ষেপ মাত্র। এর পিছনে অন্য কিছু না-খোঁজাই ভালো। তবে, আবহ ও প্রেক্ষাপট বলছে, ইসলামাবাদের পদক্ষেপের পরে দিল্লির এই সিদ্ধান্ত নিছক ঘটনাচক্র নয়। এর পিছনে রয়েছে অন্য তত্ত্ব।
(Feed Source: zeenews.com)