
Smartphone Photography Tips: মোবাইল ফোনেই কীভাবে DSLR-এর মতো ঝকঝকে ও প্রফেশনাল ছবি তুলবেন? আলো নিয়ন্ত্রণ, লেন্স পরিষ্কার করা এবং প্রো মোডের সঠিক ব্যবহার সম্পর্কে জেনে নিন
এখন ছবি তোলার জন্য আলাদা করে দামি DSLR ক্যামেরা থাকা জরুরি নয়। হাতে থাকা স্মার্টফোন দিয়েই অনেকটা DSLR-এর মতো ঝকঝকে, সুন্দর ও প্রফেশনাল ছবি তোলা সম্ভব। তবে তার জন্য শুধু ক্যামেরার বাটন টিপলেই হবে না, জানতে হবে কয়েকটি সহজ কৌশল। সঠিক আলো, ক্যামেরার সেটিংস এবং ছবির কম্পোজিশন ঠিক রাখতে পারলেই মোবাইলের ছবিতেও আসতে পারে প্রফেশনাল লুক।
প্রথমেই নজর দিন আলোয়। ভাল ছবির অন্যতম প্রধান শর্ত হল পর্যাপ্ত আলো। দিনের বেলায় ছবি তুললে সম্ভব হলে প্রাকৃতিক আলো ব্যবহার করুন। সরাসরি তীব্র রোদের সামনে না দাঁড় করিয়ে আলো যেন মুখ বা মূল বিষয়টির উপর পাশ থেকে বা সামনের দিক থেকে আসে, সেদিকে খেয়াল রাখুন। খুব কম আলোতে ছবি তুললে অপ্রয়োজনে ফ্ল্যাশ ব্যবহার না করে একটু উজ্জ্বল জায়গা বেছে নেওয়াই ভাল।
ছবি তোলার আগে ক্যামেরার লেন্স পরিষ্কার করে নিন। পকেট বা ব্যাগে থাকার কারণে মোবাইলের ক্যামেরার লেন্সে ধুলো, আঙুলের ছাপ বা তেল লেগে যেতে পারে। এতে ছবি ঝাপসা বা ঘোলাটে দেখাতে পারে। নরম পরিষ্কার কাপড় দিয়ে লেন্স মুছে নিয়ে তারপর ছবি তুলুন। একই সঙ্গে ক্যামেরার স্ক্রিনে মূল বিষয়টির উপর ট্যাপ করে ফোকাস ঠিক করে নিলে ছবির বিষয়টি আরও স্পষ্ট দেখাবে।
জুম করার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। দূরের কোনও বিষয়কে কাছে আনতে অনেকেই মোবাইল ক্যামেরার ডিজিটাল জুম ব্যবহার করেন। এতে ছবির মান নষ্ট হয়ে যেতে পারে। সম্ভব হলে জুম না করে নিজে একটু কাছে গিয়ে ছবি তুলুন। আর ফোনে একাধিক ক্যামেরা থাকলে প্রয়োজন অনুযায়ী মূল ক্যামেরা বা টেলিফটো ক্যামেরা ব্যবহার করলে ছবির ডিটেল অনেক ভালো পাওয়া যায়।
ছবির ব্যাকগ্রাউন্ডও খুব গুরুত্বপূর্ণ। DSLR-এর ছবিতে যে সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার বা ‘বোকেহ’ দেখা যায়, অনেক স্মার্টফোনেই এখন Portrait Mode-এর মাধ্যমে সেই ধরনের প্রভাব তৈরি করা যায়। তবে শুধু Portrait Mode ব্যবহার করলেই হবে না—ছবির মূল ব্যক্তিকে ব্যাকগ্রাউন্ড থেকে কিছুটা দূরে রাখুন এবং অতিরিক্ত জটিল ব্যাকগ্রাউন্ড এড়িয়ে চলুন। এতে মূল বিষয়টি ছবিতে আরও বেশি ফুটে উঠবে।
সবশেষে ছবি তোলার পর সামান্য এডিট করুন। অতিরিক্ত ফিল্টার না দিয়ে উজ্জ্বলতা, কনট্রাস্ট, হাইলাইট, শ্যাডো ও কালার সামান্য ঠিক করলেই ছবির চেহারা অনেকটাই বদলে যেতে পারে। পাশাপাশি ছবি তোলার সময় ফোনটি দুই হাতে স্থির রাখুন এবং সম্ভব হলে Grid চালু করে ছবির বিষয়টি সঠিক জায়গায় রাখুন। এই ছোট ছোট বিষয়গুলি মেনে চললে দামি DSLR না থাকলেও আপনার হাতের স্মার্টফোনেই তোলা ছবি পেতে পারে অনেক বেশি প্রফেশনাল লুক।
মোবাইলের Pro/Manual Mode-এ গিয়ে DSLR-এর মতো অনেক সেটিংসই ব্যবহার করা যায়। ISO, White Balance, Shutter Speed, Manual Focus ও Exposure নিয়ন্ত্রণ করে আলো, রঙ, ফোকাস ও ছবির লুক নিজের মতো করে ঠিক করা সম্ভব। তাই Pro Mode-এর সঠিক ব্যবহার জানলে Android বা iPhone দিয়েই অনেকটা DSLR-এর মতো প্রফেশনাল ছবি তোলা যায়।
(Feed Source: news18.com)
