জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আকাশে উড়ছিল প্রশিক্ষণ বিমান। আচমকাই ঘটে গেল বিপত্তি। কয়েক মুহূর্তের মধ্যেই মাটিতে আছড়ে পড়ল বিমান। উত্তরপ্রদেশের কানপুরে গঙ্গা ব্যারেজের কাছে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক ট্রেনি পাইলটের। গুরুতর আহত হয়েছেন আরও এক প্রশিক্ষণরত পাইলট। বৃহস্পতিবার দুপুরে কানপুরের গঙ্গা ব্যারেজের কাছে নথুপুরওয়া গ্রামের একটি মাঠে ভেঙে পড়ে দুই ইঞ্জিনের প্রশিক্ষণ বিমানটি। দুর্ঘটনার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও জরুরি পরিষেবার কর্মীরা। দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে দুই প্রশিক্ষণরত পাইলটকে উদ্ধার করার চেষ্টা শুরু হয়। কিন্তু একজনকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। অন্য পাইলটকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
ঠিক কী কারণে প্রশিক্ষণ বিমানটি আচমকা ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। যান্ত্রিক ত্রুটি, উড়ানের সময় কোনও সমস্যা নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা—সব দিকই খতিয়ে দেখা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করার প্রস্তুতি চলছে। তদন্তের পরই স্পষ্ট হবে কীভাবে প্রশিক্ষণরত অবস্থায় বিমানটি নিয়ন্ত্রণ হারাল।
কয়েক সপ্তাহের মধ্যেই ফের বিমান দুর্ঘটনা
কানপুরে প্রশিক্ষণ বিমান ঘিরে এর আগে জুন মাসেও দুর্ঘটনা ঘটেছিল। ২৬ জুন এক প্রশিক্ষণরত পাইলট চলন্ত বিমানের প্রপেলারে আঘাত পেয়ে আহত হয়েছিলেন। সেই ঘটনার পর এবার ফের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নতুন করে প্রশ্ন উঠল বিমান প্রশিক্ষণের নিরাপত্তা নিয়ে। এই দুর্ঘটনার পর বিমানটির রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ পদ্ধতি এবং উড়ানের সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
(Feed Source: zeenews.com)