
ভারতের বিদেশমন্ত্রকের সচিব বিক্রম মিস্রী এই পরিসংখ্যান পেশ করেছেন। তিনি জানিয়েছেন, ২২৭ জন ভারতীয়কে নিয়োগ করেছিল রুশ সেনা। তাঁদের মধ্যে ৫১ জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। এখনও পর্যন্ত অব্যাহতি পেয়েছেন মোট ১৩৯ জন ভারতীয়। লাগাতার সেই নিয়ে আলোচনা চলছে দুই দেশের মধ্যে। রাশিয়ার হয়ে যুদ্ধ করতে যাওয়া ভারতীয়দের মুক্তি এবং প্রত্য়র্পণের আর্জি জানিয়েছে ভারত। (Russia-Ukrain War)
সম্প্রতি বিশকেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রাশিয়ার সঙ্গে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে বিদেশমন্ত্রকের তরফে এই পরিসংখ্যান পেশ করা হয়। বলা হয়, “রুশ সেনা থেকে ভারতীয়দের মুক্তি, রুশ সেনা যেভাবে ভারতীয়দের নিয়োগ করছে, সেই নিয়ে বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে।”
রাশিয়ায় ভারতীয় দূতবাসও পরিস্থিতির দিকে নজর রেখেছে বলে জানানো হয়েছে। বিক্রম বলেন, “মস্কোয় আমাদের দূতাবাস পরিস্থিতির দিকে নজর রাখছে, যাতে ভারতীয়দের প্রত্যর্পণের ব্যবস্থা করা যায়। যত দ্রুত সম্ভব যুদ্ধ থেকে অব্যাহতি দেওয়া যায় তাঁদের, তা দেখা হচ্ছে।” কিরগিস্তানে শাংহাই সম্মেলনে পুতিনের সামনে যুদ্ধসমাপ্তির পক্ষে সওয়ালও করেন মোদি।
রাশিয়ার হয়ে ভারতীয়দের যুদ্ধ করতে যাওয়ার নেপথ্যে এখনও পর্যন্ত যে কারণগুলি উঠে এসেছে, তার মধ্যে অন্যতম হল রোজগার। মোটা টাকার প্রলোভন দেখিয়ে, চাকরির টোপ দিয়ে ভারতীয়দের ফাঁদে ফেলার একাধিক ঘটনা সামনে এসেছে এখনও পর্যন্ত। রুশ বাহিনীতে রান্নার কাজ, নির্মাণকর্মী, নিরাপত্তারক্ষীর চাকরি বলে বহু যুবককে নিয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। আবার কিছু ক্ষেত্রে চাপসৃষ্টির অভিযোগও রয়েছে। পাসপোর্ট আটকে রাখা, মাথায় বন্দুক ঠেকিয়ে যুদ্ধে নামাতে বাধ্য করার অভিযোগও কম নেই।
