
College Teachers’ Transfer Portal: ‘বাংলার উচ্চশিক্ষা’ পোর্টালে নতুন ট্রান্সফার ম্যানেজমেন্ট মডিউল চালু। আজ শিক্ষক দিবসে তারই আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা: রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় ডিজিটাল বদল, কলেজের শিক্ষক-শিক্ষিকাদের বদলি প্রক্রিয়া এবার অনলাইনে। উচ্চশিক্ষা দফতরের ‘বাংলার উচ্চশিক্ষা’ পোর্টালে চালু করা হল নতুন ‘ট্রান্সফার ম্যানেজমেন্ট মডিউল’। সরকারি পোর্টালটি উচ্চশিক্ষা দফতরের অধীনেই পরিচালিত হয়।
এতদিনে ম্যানুয়াল বা কাগজে-কলমে বদলির আবেদন প্রক্রিয়া থেকে সরে এসে ডিজিটাল ব্যবস্থায় জোর এবার রাজ্য সরকারের। নতুন ব্যবস্থায় অনলাইনেই বদলির আবেদন জমা করতে হবে। আবেদন প্রসেসিং, রিয়েল-টাইম ট্র্যাকিং ও আপডেট পাওয়ার ব্যবস্থা থাকবে।
পাশাপাশি বদলির আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য ও নথির ডিজিটাল রেকর্ড সংরক্ষণ করা হবে। ফলে কোন আবেদন কোন পর্যায়ে রয়েছে, সেই স্ট্যাটাসের হিসাব রাখাও সহজ হবে। সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকারা বিশেষ পরিস্থিতিতে অনলাইনে বদলির আবেদন করতে পারবেন। তাঁদের জন্য পারস্পরিক বা ‘মিউচুয়াল ট্রান্সফার’-এর সুবিধাও রাখা হচ্ছে।
সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রে আপাতত মিউচুয়াল ট্রান্সফারের আবেদন এই পোর্টালের মাধ্যমে করা যাবে। সংশ্লিষ্ট আইন ও বিধিতে প্রয়োজনীয় সংশোধনের পর সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের শিক্ষকদের জন্য অন্যান্য বদলির সুবিধাও চালু করার পরিকল্পনা রাজ্যের।
সরকারের দাবি, নতুন ব্যবস্থায় বদলির আবেদন নিষ্পত্তির গতি বাড়বে, স্বচ্ছতা বাড়বে এবং নথি সংরক্ষণের ব্যবস্থাও আরও শক্তিশালী হবে। “ডিজিটাল গভর্ন্যান্স, স্বচ্ছ প্রক্রিয়া, উন্নত পরিষেবা”—এই লক্ষ্য সামনে রেখেই কলেজ শিক্ষকদের বদলি ব্যবস্থায় নতুন ডিজিটাল পদক্ষেপ রাজ্যের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে এমনটাই বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অন্যদিকে, মেধাবী পড়ুয়াদের জন্য চালু হল ‘স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’। দেশ ও বিদেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়াশোনার জন্য আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। QS Overall Rankings অনুযায়ী বিশ্বের প্রথম ১০০ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া পড়ুয়াদের অনুমোদিত টিউশন ফি-র ১০০ শতাংশ পর্যন্ত বহন করবে সরকার। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে স্কলারশিপের আওতায় স্বাস্থ্য বিমার খরচও বহন করা হবে। দেশের প্রথম সারির জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া পড়ুয়ারাও পাবেন অনুমোদিত টিউশন ফি-র সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত আর্থিক সহায়তা। শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট মানদণ্ড ও র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এই আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারিত হবে।
(Feed Source: news18.com)
