
নয়াদিল্লির একটি কলেজের অনুষ্ঠানে এ দিন ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য রাখার সময়ই ‘দিমাগি নকশাল’-এর প্রসঙ্গ টানেন প্রধানমন্ত্রী৷
তাঁর তৈরি করা ‘দিমাগি নকশাল’ শব্দবন্ধ হোমিওপ্যাথি ওষুধের মতো কাজ করেছে৷ সত্যিই যারা ‘দিমাগি নকশাল’, তারা এই খোঁচা শোনার পর প্রকাশ্যে বেরিয়ে এসেছেন৷ শনিবার নয়াদিল্লির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
শনিবার নয়াদিল্লির শ্রী রাম কলেজ অফ কমার্স-এ বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদি৷ একই সঙ্গে তাঁর দাবি, ‘দিমাগি নকশাল’ বলতে তিনি যাদের বোঝাতে চেয়েছিলেন, তাদের এবার চিনতে পেরেছে গোটা দেশ৷
প্রধানমন্ত্রী বলেন, ‘লালকেল্লা থেকে হোমিওপ্যাথির ডোজ দিয়েছিলাম৷ হোমিওপ্যাথির ছোট বড়ি ছিল৷ হোমিওপ্যাথি চিকিৎসার শুরুতে রোগের একটু বাড়াবাড়ি হয়৷ লালকেল্লা থেকে হোমিওপ্যাথির বড়ি দিয়েছিলাম, দিমাগি নকশাল৷ এই দিমাগি নকশাল হোমিওপ্যাথি বড়ি যখনই আমি দিলাম, সব দিমাগি নকশাল বেরিয়ে বাইরে চলে আসতে শুরু করল৷ আর যারা এই দিমাগি নকশালদের প্রশ্রয় দিচ্ছে, তাদেরও গোটা দেশ দেখছে৷’
শনিবার বক্তব্য রাখতে গিয়ে নাম না করে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারকেও নিশানা করেছেন প্রধানমন্ত্রী৷ তিনি দাবি করেছেন, ইউপিএ আমলেও বিভিন্ন সঙ্কটের মুখে পড়ে কুঁকড়ে গিয়েছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার৷ এমন কি ২০০৮ সালে মুম্বাই হামলার ঘটনার পরেও পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়নি বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী মোদি৷
সেখানে গত ১২ বছরে একাধিক প্রতিকূল পরিস্থিতিতে পড়েও তাঁর সরকার কীভাবে সেই পরিস্থিতির মোকাবিলা করেছে, তাও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদি বলেন, ‘গত ১২ বছরে দেশে অনেক বিপদ এসেছে৷ এত বড় বড় সাইক্লোন হয়েছে৷ কিন্তু দেশ দৃঢ় ভাবে মোকাবিলা করেছে৷ গত ৬ বছরে করোনার মতো সঙ্কট এসেছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে, জ্বালানির সরবরাহ ধাক্কা খেয়েছে৷ তার পরে তো পশ্চিম এশিয়ার সঙ্কট শুরু হল৷ প্রত্যেকবারই এরকম বিপদ হলে আমার যারা একটু বেশি প্রশংসক তারা ভেবেছে এবার মোদি প্যাঁচে পড়েছে, এবার মোদির পতন হবেই৷ কিন্তু দেশের মানুষের আশীর্বাদের এত জোর যে প্রত্যেকবারই ভারতের খারাপ চায় যারা তাদের সব চেষ্টাই ব্যর্থ হচ্ছে৷’
(Feed Source: news18.com)
