১৬ বছর পর এই ইভেন্টে এশিয়ান গেমসে পদক ভারতের ঝুলিতে, ব্রোঞ্জ জিতলেন সীমা কুমারি

১৬ বছর পর এই ইভেন্টে এশিয়ান গেমসে পদক ভারতের ঝুলিতে, ব্রোঞ্জ জিতলেন সীমা কুমারি

 

আইচি-নাগোয়া: এশিয়ান গেমসে মহিলাদের ১০ হাজার মিটার দৌড়ের ফাইনালে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের সীমা কুমারী। বৃহস্পতিবার মিজুহো পার্ক অ্যাথলেটিক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান গেমসে মহিলাদের ১০০০০ মিটার দৌড়ের ফাইনালে ব্রোঞ্জ জিতেছেন সীমা। এই ইভেন্টে ২০১০ সালের পর প্রথমবার ভারতের কোনও অ্য়াথলিট পদক জিতলেন এশিয়ান গেমসের মঞ্চে।

সীমা ৩২: ৫০: ০৫ মিনিট সময় নিয়ে তৃতীয় স্থানে থেকে দৌড় শেষ করেন। এই ইভেন্টে ৩২: ৩৯: ১৮ মিনিট সময় নিয়ে বাহরিনের উইনফ্রেড ইয়াভি সোনা জেতেন ও ৩২: ৪১: ৫৪ মিনিট সময় নিয়ে জাপানের নোজোমি তানাকা রুপো জেতেন। প্রতিযোগিতার শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন ভারতের সীমা কুমারি। প্রথম ২০০০ মিটার পর্যন্ত সবার আগে ছিলেন ভারতের অ্যাথলিট। প্রথম ১০০০ মিটার অতিক্রম করেন ৩: ১৮: ১২ মিনিটে ও ২০০০ মিটারের দূরত্ব ছুঁয়ে ফেলেছিলেন ৬: ৩৬: ১৩ মিনিটে।

২০১০ এশিয়ান গেমসে ১০ হাজার মিটার ইভেন্টে প্রিজা শ্রীধরণ সোনার পদক জিতেছিলেন ও কবিতা রাউত রুপোর পদক জেতেন। ২০০১ সালের ১০ জানুয়ারি হিমাচল প্রদেশে জন্মগ্রহণকারী সীমা মূলত ৫০০০ মিটার ও ১০০০০ মিটার ইভেন্টের বিশেষজ্ঞ। ভারতের অন্যতম সেরা অ্য়াথলিটদের মধ্য়ে সীমা কুমারির নাম পড়ে।

(Feed Source: abplive.com)