)
১৫ বছরের বৈভবকে কড়া চ্যালেঞ্জ ছু়ড়লেন নয়া কিউয়ি কোচ রব ওয়ালটার। সাফ বলে দিলেন কিশোর প্রতিভা ‘নিউ জিল্যান্ডের পেসে ভরা বাউন্সি পিচে খেলে দেখাক, তবেই তিনি বুঝবেন..
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অক্টোবরের শেষের দিকে নিউ জিল্যান্ডে যাবে টিম ইন্ডিয়া। তিন ফরম্যাটেই সিরিজ খেলবে দুই দেশ। মোট ১২ ম্যাচ। ৫টি টি-২০আইয়ের সঙ্গে রয়েছে সমসংখ্য়ক ওডিআই ও জোড়া টেস্ট। তবে সিরিজ শুরুর এক মাস আগেই নিউ জিল্যান্ডের নয়া কোচ রব ওয়ালটার কড়া চ্যালেঞ্জ ছুড়লেন বৈভব সূর্যবংশীকে। সাফ বলে দিলেন আগে নিউ জিল্যান্ডের বাউন্সি পিচে খেলে দেখাক বৈভব তবেই না..! কেন উইলিয়ামসনদের দেশে সাধারণত পিচে পেস এবং বাউন্স থাকে। সুইং সহায়কও হয়। ওয়ালটার বলছেন, ‘আমি বৈভবকে বাউন্সি উইকেটে দ্রুতগতির বোলিংয়ের বিরুদ্ধে খেলতে দেখতে চাই। ওর জন্য় সেই পরিস্থিতিটা কেমন হয় সেটাই দেখার। তবে ও নিঃসন্দেহে একজন দুর্দান্ত প্লেয়ার। আইপিএলে বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে ও আধিপত্য বিস্তার করেছে। আমার মতে ওর আসল চ্যালেঞ্জ হবে ভিন্ন পরিস্থিতিতে পারফরম্যান্স। আমাদের নিজেদের কন্ডিশনে আমরাই বা তাকে কীভাবে বল করি, সেটাও দেখতে হবে। তাছাড়া কোচ হিসেবে মনে মনে সবসময়ই চাই খেলোয়াড়রা কিছুটা চাপের মুখে পড়ুক এবং দেখুক কীভাবে সেই পরিস্থিতির মোকাবিলা করতে হয়। তাই এমনটা ঘটলে আমি ওর অপেক্ষায় থাকব। আর হ্যাঁ, ও যদি এখানে নাও আসে, তবুও ওদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে।’
নজরে বৈভব সূর্যবংশী
আইপিএলে (২০২৫ ও ২০২৬) এবং চলতি বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিধ্বংসী ব্যাটিং করেছে বৈভব। বিশ্ব ক্রিকেটের শিরোনামে উঠে এসেছে ১৫ বছরের কিশোর প্রতিভা। যার ফলে গত জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। যদিও আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ জয় কিংবা সানো-তে জাপানের বিরুদ্ধে মাত্র ২ রানের ব্যবধানে পাওয়া কষ্টার্জিত জয়ে তিনি খেলেননি। আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া নিউজি ল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে গতি-বাউন্সে ভরা পিচেই বৈভব প্রথমবার অগ্নিপরীক্ষায় বসবে। যদিও এই মুহূর্ত বৈভব রয়েছে জাপানে। এশিয়ান গেমসে শ্রেয়সদের টিমের অংশ বিহারিবাবু। এশিয়াডে অংশ নেওয়া সবচেয়ে কমবয়সী ভারতীয় তথা সামগ্রিক অ্যাথলিটদের মধ্যে অন্যতম হিসেবেও রেকর্ড গড়েছে বৈভব। দেখা যাক এশিয়াডে সুযোগ পেলে বৈভব কী ফুল ফোটায়। নিউ জিল্যান্ড এখনও দূর। দেখা যাক জাপানে কী করে সে!
(Feed Source: zeenews.com)
