)
শারজায় কর্ণাটকের এক ব্যক্তিকে কুপিয়ে ৯ টুকরো করে খুন করা হয়েছে। ওমানগামী রাস্তার ধারে একটি গাড়ি থেকে তাঁর দেহাংশ উদ্ধার হয়। নিহত ব্যক্তির নাম অ্যালউইন প্রকাশ কুন্দের। ঘটনার পর থেকেই তাঁর স্ত্রী ও ছেলে নিখোঁজ রয়েছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রবাসী ভারতীয়কে নৃশংস খুন। তারপর দেহ ৯ টুকরো করে গাড়ির ভিতরে রাখা ছিল। যদিও ঘটনাটি ঘটেছিল গত জুলাই মাসে সংযুক্ত আরব আমিরশাহির শারজায়। দু’মাস পর এই ঘটনার তদন্তে ভয়ংকর তথ্য সামনে এসেছে। মৃত ব্যক্তির নাম অ্যালউইন প্রকাশ কুন্দের। তিনি কর্ণাটকের উডুপি জেলার কুন্দাপুরের বাসিন্দা। গত জুলাই মাসে শারজা থেকে ওমানগামী রাস্তার ধারে পার্ক করা একটি গাড়ির ভেতর থেকে তাঁর টুকরো টুকরো দেহ উদ্ধার হয়। ঘটনার প্রায় দু’মাস পর পরিবার তাঁর নিখোঁজ থাকার বিষয়টি নিয়ে সরব হলে এই হত্যাকাণ্ডের কথা সামনে আসে। এদিকে ঘটনার পর থেকেই তাঁর শিক্ষিকা স্ত্রী ও দশম শ্রেণিতে পড়ুয়া ছেলে নিখোঁজ রয়েছেন।
প্রকাশ গত ১৪ বছর ধরে শারজা বিমানবন্দরে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী টিনা কুন্দের এবং ছেলেকে নিয়ে সেখানেই কোম্পানির দেওয়া ফ্ল্যাটে থাকতেন। টিনা উডুপির উদ্যাভারা এলাকার বাসিন্দা এবং তিনি শারজার একটি স্কুলে শিক্ষকতা করতেন। গত বছর ডিসেম্বরে প্রকাশ শেষবারের মতো দেশে নিজের বাড়িতে গিয়েছিলেন। প্রকাশের ভাই অনিল প্রশান্ত কুন্দেরের দাবি, তাঁদের দাম্পত্য জীবনে কোনও অশান্তির কথা পরিবারের জানা ছিল না।
পরিবারের সূত্র অনুযায়ী, গত ২০ জুলাই অনিল তাঁর ভাই প্রকাশকে ফোন করেছিলেন। প্রকাশ ফোন না ধরে একটি টেক্সট মেসেজ পাঠিয়ে জানান যে তিনি ভালো আছেন। সাধারণত প্রকাশ সবসময় ভয়েস মেসেজে কথা বলতেন। ফলে এই লিখিত বার্তা দেখে পরিবারের সন্দেহ হয়। এক সপ্তাহ পর ফের ফোন করা হলেও কোনও সাড়া মেলেনি। এরপর অনিল শারজায় প্রকাশের সহপাঠী মনোহরের সঙ্গে যোগাযোগ করেন।
মনোহর প্রকাশের ফ্ল্যাটে খোঁজ নিতে গেলে নিরাপত্তারক্ষী জানান যে প্রকাশ ভারতে ফিরে গিয়েছেন। এমনকী প্রকাশের সংস্থার এইচআর বিভাগও প্রথমে পরিবারকে জানায় যে তিনি ভারতে গিয়েছেন। কিন্তু অনিল সংস্থাকে নিশ্চিত করেন যে প্রকাশ দেশে ফেরেননি। এরপর পাসপোর্ট রেকর্ড পরীক্ষা করে দেখা যায়, প্রকাশ শারজা ছাড়েননি।
পরিস্থিতি বেগতিক দেখে নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্তে নেমে ওমান যাওয়ার পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভেতর থেকে প্রকাশের দেহ উদ্ধার হয়। পুলিস জানায়, দেহটি ধারাল অস্ত্র দিয়ে ৯ টুকরো করে দুটি ব্যাগে ভরে রাখা হয়েছিল। সম্প্রতি ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়েই প্রকাশের ভাই উডুপির পুলিস সুপারের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে প্রকাশের মৃত্যুর পর থেকেই তাঁর স্ত্রী ও ছেলের কোনও খোঁজ মিলছে না। কিছু সূত্রের দাবি, তাঁরা শারজা ছেড়ে ভারতে ফিরে আসতে পারেন। যদিও এর কোনও সরকারি বা স্বাধীন প্রমাণ মেলেনি। অনিল জানান, সিসিটিভি ফুটেজে দুই পুরুষ ও এক মহিলাকে ফ্ল্যাট থেকে বের হতে দেখা গিয়েছে। তাঁর বক্তব্য, বুকে ছুরি মেরে দেহ ৯ টুকরো করা কোনও অভিজ্ঞ অপরাধীর কাজ। স্ত্রীর এই ঘটনা সম্পর্কে জানা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
তবে এই হত্যাকাণ্ডে টিনার সরাসরি কোনও ভূমিকা রয়েছে কি না, তা এখনও প্রমাণিত নয়। শারজা পুলিস এখনও কাউকে গ্রেফতার করেনি এবং খুনের কারণ স্পষ্ট করেনি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেহ দেশে ফেরানোর অপেক্ষায় রয়েছে পরিবার। একই সঙ্গে উডুপি জেলা পুলিসও শারজা কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় রয়েছে।
(Feed Source: zeenews.com)
