
একদিকে যেখানে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ়ের ওয়ান ডে সিরিজ় চলছে, সেখানে আরেক ভারতীয় দল দেশ থেকে বেশ অনেক দূরে জাপানে এশিয়ান গেমসের (Asian Games 2026) প্রস্তুতি সারছে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন এই টি-২০ দল সোমবারই আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG) এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল খেলতে মাঠে নামবে। তবে সেই ম্যাচ আদৌ খেলা হবে কি না, সেই নিয়ে সংশয় তৈরি হয়েছে। নেপথ্যে জাপানের নাগোয়ার আবহাওয়া।
আফগানিস্তান ম্যাচের জন্য রবিবার শ্রেয়স আইয়াররা অনুশীলনে নেমে পড়েন। ঈশান কিষাণ, অর্শদীপ সিংহ, যশপ্রীত বুমরা থেকে বৈভব সূ্র্যবংশী, সকলেই সেই অনুশীলন সেশনে উপস্থিত ছিলেন। সোমবার ভারতীয় দল নিজেদের এশিয়ান গেমসের গোল্ড মেডেল ডিফেন্ড করার লক্ষ্যে প্রথম ম্যাচে, টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে। তবে সেই ম্যাচের আগে আবহাওয়ার অশনি সংকেত। নিশিনে সোমবার প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকী বৃষ্টির জেরে ভারতের কোয়ার্টার ফাইনাল ম্যাচ সম্পূর্ণ ভেস্তেও যেতে পারে।
এই মাঠেই শুক্রবার মালয়েশিয়া বনাম ওমান এবং জাপান বনাম নেপাল, দুইটি ম্যাচ আয়োজিত হয়েছিল। সেই দুই ম্যাচের কোনওটিতেই একটি বলও গড়াতে পারেনি। দুই ম্য়াচই বৃষ্টির জেরে সম্পূর্ণ ভেস্তে যায়। সোমবারও তেমনই হওয়ার সম্ভাবনা প্রবল। এমনক্ষেত্রে যদি ম্যাচ ভেস্তে যায়, তাহলে কী হবে? তখন কোন দল এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছবে? ভারত কি সেক্ষেত্রে ছিটকে যেতে পারে? উত্তর না।
যদি একান্তই কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টির জেরে সম্পূর্ণ ভেস্তে যায়, তাহলে আফগানিস্তান নয়, বরং শ্রেয়স আইয়ারের ভারতই টুর্নামেন্টের শেষ চারে নিজেদের জায়গা পাকা করে নেবে। এক্ষেত্রে আফগানিস্তানের থেকে টি-২০ ব়্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার দরুণ ভারত পরবর্তী রাউন্ডে পৌঁছে যাবে। আপাতত টি-২৯ ব়্যাঙ্কিংয়ে ভারতের আগে কেবল ইংল্যান্ডই রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, দুই দলই জিতলে সেমিফাইনালে কিন্তু ভারত বনাম পাকিস্তান লড়াই দেখা যেতে পারে। তবে শেষমেশ কী হয়, তা সময়ই বলবে।
(Feed Source: abplive.com)
