রাজীব চক্রবর্তী: বৈঠকের আগেই কি ‘ঘেঁটে ঘ’ জোট? মিলছে না সমীকরণ! মমতা চাইলেও সবকিছু ঠিক নেই ইন্ডিয়া জোটে। মিলছে না সমীকরণ। আগামিকাল দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক। কিন্তু ‘হাইভোল্টেজ’ সেই বৈঠকেই নাকি উপস্থিত থাকবেন না একাধিক বিরোধী নেতা। রাজনীতিতে ভেসে থাকার চেষ্টায় নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেসের ‘হাত’ ধরা থেকে দিল্লিতে বিরোধী সলতে এককাট্টা করার চেষ্টা, যেখানেই ‘খড়কুটো’র মতো আঁকড়ে ধরতে চাইছেন, সেখানেই যেন ধাক্কা খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
জানা যাচ্ছে, আগামিকালের দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক থেকে দূরত্ব বজায় রাখছেন অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্ট্যালিনরা। এমনকি দ্বিধায় রয়েছেন হেমন্ত সরেনও। কেজরিওয়াল, স্ট্যালিন ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন যে আপ এবং ডিএমকে যোগ দেবে না ইন্ডিয়া ব্লকের বৈঠকে। ওদিকে রাজ্যসভার নির্বাচন থাকায় থাকবেন না অখিলেশ যাদব। স্বশরীরে উপস্থিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেনেরও। তাঁরা ভিডিয়ো কনফারেন্সে থাকলেও থাকতে পারেন।
বিরোধী মুখ্যমন্ত্রীদের মধ্যে একমাত্র যোগ দেবেন ওমর আব্দুল্লাহ। তৃণমূলের তরফে বৈঠকে যোগ দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়েন। আগামিকাল সকাল ১১টায় কনস্টিটিউশন ক্লাবে হবে ইন্ডিয়া জোটের বৈঠক। জ্ঞানেশ কুমার বিতর্ক সামনে আসার পর কমিশনের ‘ভোটে কারচুপি’কে হাতিয়ার করে অক্সিজেন পেতে চাইছেন বিরোধীরা। কিন্তু প্রশ্ন উঠছে, সেই অক্সিজেন বিশুদ্ধ তো?
(Feed Source: zeenews.com)