)
এক এশিয়াডে পদকের হ্যাটট্রিক করে দেশের মুখ উজ্জ্বল করলেন গুলবীর সিং! পিটি ঊষাকে ছুঁয়ে ৪০ বছর পর বিরল ইতিহাস লিখলেন ভারতীয় দৌড়বিদ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়ান গেমসের ১১ নম্বর দিনে লেখা হল ইতিহাস! জাপানের নাগোয়া শহরে পুরুষদের ৫০০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ জিতেই পদক জয়ের অনবদ্য় হ্যাটট্রিক করলেন ভারতের গুলবীর সিং। পিটি ঊষার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে গুলবীর ইতিহাস লিখলেন এক এশিয়াডে তিনটি ব্যক্তিগত অ্যাথলেটিক্স পদক জিতে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট কিংবদন্তি ঊষা ১৯৮৬ সালে এই রেকর্ড করেছিলেন দক্ষিণ কোরিয়ার সিওলে। ঊষা চারটি ব্যক্তিগত পদক জিতেছিলেন। ২০০ মিটার, ৪০০ মিটার ও ৪০০ মিটার হার্ডলসে সোনা এবং ১০০ মিটারে রুপো ছিল। তবে ৪x৪০০ মিটার রিলেতে জেতা ঊষার সোনার পদক এই তুলনার বাইরে রাখা হয়েছে। কারণ তা ছিল একটি দলীয় পদক। গুলবীর ১৩ মিনিট ৩২.৭৫ সেকেন্ড সময়ে তৃতীয় স্থান দৌড় শেষ করেছেন। এর আগে তিনি পুরুষদের ১০০০০ মিটার ও ১৫০০ মিটার ইভেন্টে রুপো জিতেছিলেন। এবার দুই রুপোর সঙ্গে জুড়ল ব্রোঞ্জ। ৫০০০ মিটার দৌড় শেষে গুলবীর জানান যে, তাঁর এই কৃতিত্বের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে তিনি একেবারেই অবগত ছিলেন না। গুলবীর বলেন, ‘বিশ্বাস করুন আমি এসব জানতামই না। কারণ আমি এগুলি বুঝি না। আমি ২০২১ সালে দৌড় শুরু করেছি। তিনি যখন এশিয়াডে চার পদক জিতেছিলেন, তখন আমার জন্মই হয়নি। আমার কোনও আক্ষেপ নেই। তবে, আমি এখানে এসেছিলাম এই ভেবে যে জাতীয় সংগীত শুনতে পাব। সেটা হয়নি। তবে নিশ্চয়ই পরের বার হবে।’
গুমিতে অনুষ্ঠিত ২০২৫ এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৫০০০ মিটার ও ১০০০০ মিটার—উভয় ইভেন্টেই সোনা জিতে ‘ডাবল এশিয়ান চ্যাম্পিয়ন’ হিসেবেই এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন গুলবীর। ৫০০০ মিটার ও ১০০০০ মিটারে যথাক্রমে ১২:৫৯.৭৭ এবং ২৭:০০.২২ সময় নিয়ে ভারতীয় জাতীয় রেকর্ডেরও মালিক হন তিনি। কলোরাডো স্প্রিংসে স্কট সিমন্সের অধীনে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের বিষয়টিও তাঁর এই অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করেছে। গুলবীর জানান, কমনওয়েলথ গেমসের পর প্রশিক্ষণের জন্য আমেরিকায় ফিরে যাওয়ার সিদ্ধান্তে অ্যাথলেটিকস ফেডারেশন অফ ইন্ডিয়া তাঁকে পূর্ণ সমর্থন করেছিল। গুলবীর বলেন, ‘আমি অনুকূল আবহাওয়ায় প্রশিক্ষণ নিয়েছি। এখানকার আবহাওয়া খুব একটা ভালো ছিল না। এএফআই আমাকে দারুণভাবে সাহায্য করেছে। আমি আমেরিকার কলোরাডো স্প্রিংসে স্কট সিমন্সের সঙ্গে ছ’মাস প্রশিক্ষণ নিয়েছি। কমনওয়েলথ গেমসের পর ভারতে প্রশিক্ষণ নেওয়ার পরিকল্পনা থাকলেও, এএফআইয়ের পরামর্শেই আমি আমেরিকায় ফিরে গিয়ে সেখানে প্রশিক্ষণ চালিয়ে যাই।’ পুরুষদের ১০০০০ মিটার ইভেন্টে ২৮:২৯.৩৮ সময় নিয়ে রুপো জেতার মাধ্যমে চলতি এশিয়ান গেমসে গুলবীরের যাত্রা শুরু হয়। ২০২২ সালের হাংঝৌ গেমসে একই ইভেন্টে জেতা ব্রোঞ্জ পদকটিকে তিনি এবার রুপোয় উন্নীত করেছেন। এরপর ১৫০০ মিটার ইভেন্টে ৩:৩৬.৭২ সময় নিয়ে নিজের ব্যক্তিগত সেরা রেকর্ড গড়ে তিনি আরেও একটি রুপো জিতেছেন এবং সবশেষে ৫০০০ মিটারে ব্রোঞ্জ জিতে পদকের হ্যাটট্রিক পূর্ণ করেন। তাঁর এই তিনটি পদক তাঁর চলতি অসাধারণ বছরকে আরও সমৃদ্ধ করেছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে গুলবীর ১০০০০ মিটারে রুপো এবং ৫০০০ মিটারে ব্রোঞ্জ জিতেছিলেন। এর মাধ্যমে তিনি একই কমনওয়েলথ গেমসের ট্র্যাক ইভেন্টে দু’টি পদক জয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হওয়ার কৃতিত্বও অর্জন করেন।
(Feed Source: zeenews.com)
