আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন হওয়ার কথা৷ তার আগের দিন ৫ অক্টোবর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে পারে৷
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান৷
নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার৷ গতকালই মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ সেই রায়কে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে মামলা করেছে রাজ্য৷ আগামী সোমবার, ৫ অক্টোবর এই মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে৷
রাজ্য সরকারের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা এ দিন, প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই মামলার বিষয়টি তোলেন৷ জরুরি ভিত্তিতে আগামিকালই শুনানির আবেদনও জানানো হয় রাজ্য সরকারের পক্ষ থেকে৷ যদিও সেই জরুরি শুনানির আর্জি খারিজ করে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ৷
রাজ্য সরকারের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা যুক্তি দিয়েছিলেন, যেহেতু ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন, সেক্ষেত্রে ৫ অক্টোবর শুনানি হলে মামলা দায়েরের উদ্দেশ্যই পূরণ হবে না৷ যদিও এই যুক্তিতেও জরুরি শুনানিতে রাজি হয়নি প্রধান বিচারপতির বেঞ্চ৷
প্রসঙ্গত, গতকালই ৬টি মামলায় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ একই সঙ্গে অবশ্য হাইকোর্ট শর্ত দিয়েছিল, ভোট মিটলেই কংগ্রেস প্রার্থীকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে৷ আগামী ২১ অক্টোবর মিলন প্রধানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷
অন্তর্বর্তী জামিন পেলেও গতকাল হলদিয়া জেল থেকে মুক্তি পাননি মিলন প্রধান৷ কাঁথি আদালতে আইনি প্রক্রিয়া মিটিয়ে আজ জেল মুক্তি হতে পারে কংগ্রেস প্রার্থীর৷ প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর খুন সহ কয়েকটি মামলায় পুরনো গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মিলন প্রধানকে গ্রেফতার করেছিল পুলিশ৷ নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও৷
(Feed Source: news18.com)