রাজীব চক্রবর্তী: এবার ২৫ হাজারের বেতন-সীমায় নিয়ে আসা হল পিএফকে। ২০১৪ সালের যে ১৫০০০ পিএফ সিলিং ছিল, সেই সিলিংয়ে বদল করে তা ২৫০০০ করল কেন্দ্র। সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভায়। ঘোষণা করলেন কেন্দ্রীয় রেল তথা তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রায় ৫১ লক্ষ কর্মচারী এর ফলে পিএফের আওতায় আসবেন।
১৫ হাজার থেকে ২৫ হাজার
দীর্ঘদিন ধরেই ইপিএফও-র বেতনসীমা ১৫ হাজার টাকা ছিল। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে শেষবার এই সীমা বাড়ানো হয়েছিল। এরপর গত এক দশকে দেশে কর্মীদের বেতন, আয় এবং সংগঠিত ক্ষেত্রে চাকরির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এবার বেতনসীমা ২৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমান নিয়মে মাসে ১৫ হাজার টাকার বেশি বেতনে নতুন চাকরিতে যোগ দেওয়া কর্মীরা স্বয়ংক্রিয়ভাবে বাধ্যতামূলক ইপিএফও কভারেজের আওতায় না-ও পড়তে পারেন। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা মাসিক বেতনের মধ্যে থাকা কর্মীদের একটি বড় অংশ বাধ্যতামূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতায় আসবেন। এর ফলে সংশ্লিষ্ট কর্মীরা ইপিএফ-এর মাধ্যমে অবসরকালীন সঞ্চয়, বা ইপিএস-র অধীনে পেনশন এবং ইডিএলআই-এর আওতায় বিমা সুরক্ষার সুবিধা পাবেন।
কেন্দ্রের মতে, এই সিদ্ধান্তের ফলে আনুষ্ঠানিক চাকরির ক্ষেত্রে সামাজিক সুরক্ষার পরিধি বাড়বে। কর্মীদের অবসরকালীন নিরাপত্তা এবং চাকরির সঙ্গে যুক্ত সামাজিক সুরক্ষাও বাড়বে। এর মাধ্যমে কর্মীরা তাঁদের অবসরকালীন সঞ্চয় গড়ে তুলতে পারেন। ইপিএস-র মাধ্যমে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পেনশনের সুবিধা পাওয়া যায়।
(Feed Source: zeenews.com)