India vs Brazil : ৪-০, ব্রাজিলের কাছে ভারতের হারে ‘ভিলেন’ কি গুরপ্রিত সিং সান্ধু? ভারতীয় গোলকিপার নিজে যা বললেন, শুনে অবাক হতে পারেন

India vs Brazil : ৪-০, ব্রাজিলের কাছে ভারতের হারে ‘ভিলেন’ কি গুরপ্রিত সিং সান্ধু? ভারতীয় গোলকিপার নিজে যা বললেন, শুনে অবাক হতে পারেন

India vs Brazil : ভারতীয় দল এদিন যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে ৪-০ গোলে হেরেছে। এই ম্যাচে ভারতীয় গোলকিপার গুরপ্রিত সিং সান্ধুর পারফরম্যান্স একেবারেই সাদামাটা ছিল।

অনেকেই বলছেন, গুরপ্রিতই এই ম্যাচের ভিলেন।

কলকাতা : ব্রাজিলের কাছে ভারতের হারটা যেন প্রত্যাশিতই ছিল! তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে ঘাম ঝরাতে বাধ্য করবে ভারতীয় দল—এটা হয়তো প্রত্যাশিত ছিল না। ভারত যেখানে FIFA র‍্যাঙ্কিংয়ে ১৩৭ নম্বরে, সেখানে ব্রাজিল ষষ্ঠ স্থানে। কিন্তু সেই পার্থক্য মাঠে পুরোপুরি ফুটে ওঠেনি।

পানামার বিরুদ্ধে দুর্দান্ত ১-১ ড্রয়ের পর ব্রাজিলের মুখোমুখি হয়েছিল ভারত। ব্রাজিলের ফুটবলের গুণমানই পার্থক্য গড়ে দেয় শেষ পর্যন্ত। দুই অর্ধেই দু’টি করে গোল করে ৪-০ ব্যবধানে জয় নিয়ে ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ভারতীয় ফুটবলারদের লড়াই প্রশংসা কুড়িয়ে নেয়।

ম্যাচের পর ভারতের কোচ খালিদ জামিল বলেন, “আমাদের আরও এমন ম্যাচ খেলতে হবে অভিজ্ঞতার জন্য। তবে আমার দিক থেকে বলব, খেলোয়াড়রা নিজেদের সেরাটা দেওয়ার ক্ষেত্রে কোনও খামতি রাখেনি। আমি ওদের রক্ষণাত্মকভাবে খেলিয়েছি। ওরা বিল্ড-আপ এবং আক্রমণেও অবদান রেখেছে।”

মনোযোগের অভাবকে দায়ী করলেন খালিদজামিলের মতে, ভারতের খেলায় কিছুটা মনোযোগের অভাব ছিল। তিনি বলেন, “মনোযোগ কিছুটা কম ছিল। Concentration, focus এবং preparation ভালো হওয়া দরকার। ভালো দলগুলি ইতিবাচক ফল পাওয়ার জন্য অনেক কিছু চেষ্টা করে। আপনি যদি এক-দু’টি বিষয় চেষ্টা করেন, সেটা যথেষ্ট নয়। প্রথম মিনিট থেকে ৯০ মিনিট পর্যন্ত আপনাকে পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা বদলাতে হবে।”

২৭ মিনিট পর্যন্ত ব্রাজিলকে আটকে রেখেছিল ভারত। এর পর এস্তেভাও বক্সের ভিতরে ঢুকে পড়েন। গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু সেভ করার চেষ্টা করলেও বল মাটিতে লেগে জালে ঢুকে যায়। এগিয়ে যায় ব্রাজিল। ১৪ মিনিট পর ফের ভুল করেন বেঙ্গালুরু এফসি-র গোলরক্ষক। পেদ্রোর শটের ক্ষেত্রে সময়মতো নিচে নামতে না পারায় বল গুরপ্রীতের পাশ দিয়ে গড়িয়ে জালে ঢুকে যায়। বিরতির পর গুরপ্রীতকে তুলে তাঁর জায়গায় প্রবসুখন সিং গিলকে নামান জামিল।

গুরপ্রীতের পাশে দাঁড়ালেন কোচতবে ম্যাচের পর গুরপ্রীতের সমালোচনা করতে রাজি হননি জামিল। তিনি বলেন, “গুরপ্রীত ভারতের অন্যতম সেরা গোলরক্ষক। মাত্র দু’টি ম্যাচ দিয়ে আমরা ওকে বিচার করতে পারি না। সামনে আরও ম্যাচ রয়েছে। কখনও কখনও এমন হয়। শুধু একজন খেলোয়াড়কে দায়ী করা যায় না। আপনি যদি দেখেন, ডিফেন্ডারদেরও অনেক ভুল ছিল, যার ফলে ও (ব্রাজিলের খেলোয়াড়) শট নেওয়ার সুযোগ পেয়েছে।”

ওদিকে, গুরপ্রীত ম্যাচ শেষে বলে যান, ‘দুটো শটই ভাল ছিল। নিজের সাধ্যমতো বাঁচানোর চেষ্টা করেছি। তবে পারিনি। বড় ম্যাচে কয়েকটা ছোট ভুল পার্থক্য গড়ে দেয়। এদিন পরিস্থিতি আমাদের পক্ষে যায়নি। এটাই ফুটবল। আমরা এই ম্যাচ থেকে শিক্ষা নিয়েছি। সামনেই উরুগুয়ে ম্যাচ। নিজেদের উজাড় করে দেব।’

(Feed Source: news18.com)