‘বুমরা, হার্দিকের ওপর নির্ভরযোগ্যতা বাড়লে দলেরই ক্ষতি’, ভারতীয় দল নিয়ে আশঙ্কা প্রকাশ হনুমার

‘বুমরা, হার্দিকের ওপর নির্ভরযোগ্যতা বাড়লে দলেরই ক্ষতি’, ভারতীয় দল নিয়ে আশঙ্কা প্রকাশ হনুমার

 

মুম্বই: ওয়েস্ট ইন্ডিজের(India vs West Indies) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্য়াচে বিরাট স্কোর বোর্ডে তুলেছিল ভারতীয় ক্রিকেট দল(Indian Cricket Team)। ৩৫১ রান বোর্ডে তুলেছিল টিম ইন্ডিয়া। কিন্তু সেই রান ডিফেন্ড করতে পারেনি ভারতীয় বোলিং লাইন আপ। আর এই পরিস্থিতিতে ভারতীয় বোলিং লাইন আপকে নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় ব্যাটার হনুমা বিহারি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৫১ রানের বিশাল লক্ষ্য রক্ষা করতে না পারায় ভারতের ওয়ানডে বোলিং বিভাগের শক্তিমত্তা ও গভীরতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিহারি আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামিকে দলে ফেরানোর দাবি তুলেছেন।

হনুমা বিহারি বলছেন, ‘আমার মনে হয় নির্বাচকদের ভুবনেশ্বর কুমারকে ফিরিয়ে আনা উচিত। আমার মতে, সে এখনও দেশের সেরা বোলারদের একজন। আইপিএলেও সে বারবার তা প্রমাণ করছে। আপনি শুধু বুমরাহ ও হার্দিকের ওপর নির্ভর করে বসে থাকতে পারেন না। এই ধরনের চোট-আঘাতের সমস্যার কথা মাথায় রেখে আপনাকে ব্যাক আপ তৈরি রাখতেই হবে। আমি বলব অভিজ্ঞতার পথেই হাঁটুন। ভুবনেশ্বর আর শামিকে ফিরিয়ে আনুন, অভিজ্ঞতার সঙ্গে একটা ব্যাক আপও থাকবে।’

সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৪৮.২ ওভারেই ৩৫১ রান তাড়া করে দারুণ জয় ছিনিয়ে নেওয়ার পর বিহারি মনে করছেন ভারত সাড়ে তিনশোর বেশি রান ডিফেন্ড করতে না পারাটা আশঙ্কারও। ব্যাটিং-সহায়ক উইকেটে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হলে ভারতীয় বোলিং আক্রমণ আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন হনুমা বিহারি। তিনি বলছেন, ‘আমরা ৩৫০ এর বেশি রানও বাঁচাতে পারলাম না। এটা কি একটা সতর্কবার্তা নয়? আমার মনে হয় দল পেছনের দিকে হাঁটছে। এটা বেশ বড় একটা ধাক্কা।’

ভারতের বোলিং আক্রমণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিহারি। অংশুল কম্বোজ, গুরনুর ব্রার ও নীতিশ কুমার রেড্ডির স্পেলগুলো নিয়েও প্রশ্ন করেছেন। উল্লেখ্য, এই বোলিং লাইন আপে নিশ্চিতভাবেই অভিজ্ঞতার অভাব ছিল। তাই শামি ও ভুবনেশ্বরের মত বোলারকে দলে দেখতে চাইছেন বিহারি।

(Feed Source: abplive.com)