CM Suvendu Adhikari on Police Recruitment: পুজোর আগেই বড় নিয়োগের ঘোষণা, রাজ্যে ১ লক্ষ সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর।
দেবীপক্ষে কবে পুলিশের প্রথম ব্যাচকে নিয়োগপত্র? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কলকাতা: পুজোর আগেই রাজ্যে বড় নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ‘আমরা জট থেকে বেরিয়ে এসেছি। এসএসসিও ফাংসন করছে। পুরনো আমলে জট পাকিয়ে রেখেছিলেন। আমাদের খুলতে হয়েছে৷ দেবীপক্ষে ১১ তারিখে পুলিশের প্রথম ব্যাচকে অ্যাপয়েন্টমেন্ট তুলে দেব। সরকারি চাকরিতে ১ লাখ নিয়োগ হবে। বিভিন্ন দফতরে ১৪৪৫৪ নিয়োগ হবে। পুলিশ কুইক রেসপন্স টিমকে ৪০০ বাইক দেওয়া হবে।’
রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথম বাজেটেই সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে বড় আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি বন্ধ করে সেই অর্থ উন্নয়ন ও সামাজিক সুরক্ষা খাতে ব্যবহারের কথা জানিয়ে নিয়োগ নিয়ে একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে পূর্ব বর্ধমানের সভা থেকে ফের আরেকবার তিনি জানান, চলতি অর্থবর্ষে রাজ্যের বিভিন্ন দফতরে মোট ১ লক্ষ নিয়োগ করা হবে। সোমবার ফের সেই কথা মনে করালেন মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রের খবর, অক্টোবর থেকে আগামী মার্চের মধ্যে ধাপে ধাপে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ এবং স্কুলশিক্ষা দফতরের নিয়োগও রয়েছে। মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়েছে, রাজ্য সরকারের ৫৪টি দফতরের মাধ্যমে মোট এক লক্ষ কর্মী নিয়োগ হবে। এ বছর পুজোর আগে দেবীপক্ষেই পুলিশে চাকরির প্রথম ধাপের নিয়োগপত্র দেওয়ার কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
পুলিশ বাহিনীতে বড় সংখ্যায় নিয়োগের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কলকাতা পুলিশে চার হাজার এবং পশ্চিমবঙ্গ পুলিশে ১২ হাজার কর্মী নিয়োগ করা হবে। ফলে একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিয়োগের মাধ্যমে সরকারি পরিষেবা এবং প্রশাসনিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে বলে নবান্ন সূত্রের খবর। এ ছাড়াও রাজ্যে পৃথক আয়ুষ দফতর তৈরির বিষয়েও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধ এবং হোমিয়োপ্যাথি-সহ বিভিন্ন ভারতীয় চিকিৎসা পদ্ধতিকে প্রশাসনিক কাঠামোর মধ্যে আরও গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে নবান্ন সূত্রের খবর। নতুন বিশ্ববিদ্যালয় এবং আয়ুষ দফতর গঠনের কাজও এগিয়ে নিয়ে যেতে চাইছে রাজ্য সরকার।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
(Feed Source: news18.com)