)
Powerful Storm Brings Flooding in US: বলা হয়েছিল, রাতের দিকে ঝড়টি নিউ জার্সি ও লং আইল্যান্ডের দিকে এগিয়ে যাবে, রবিবার সকাল নাগাদ ওই অঞ্চলে ঝড়টির প্রভাব সবচেয়ে বেশি হবে। পূর্ণিমার কারণে সপ্তাহ জুড়ে একাধিক জোয়ারের সময় মধ্য আটলান্টিক উপকূলে বড় ধরনের জলোচ্ছ্বাস হতে পারে বলেও জানিয়েছিল জাতীয় আবহাওয়া দফতর। এজন্য উপকূলীয় এলাকাগুলিতে বড় ধরনের বন্যার আশঙ্কাও ছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুধু এশিয়াতেই নয়, মার্কিন মুলুকেও চলছে ঝড়বৃষ্টির ভয়াবহ পর্ব। মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বয়ে গিয়েছে শক্তিশালী এক ঝড়। ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিও হয়েছে। গতকাল, শনিবার হাজারো মানুষ এর জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। একজনের মৃত্যুর খবরও জানা গিয়েছে। নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়া– এই তিন শহরেই ‘নরইস্টা’র-এর (উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত বাতাসের কারণে এই ঝড়ের এই নাম) প্রভাব পড়েছিল।
ঝড়-বৃষ্টি-জলোচ্ছ্বাস
মার্কিন মুলুকের ন্যাশনাল ওয়েদার সার্ভিস তথা এনডব্লিউএস জানিয়েছিল যে, শনিবার বিকেলে উত্তর-মধ্য আটলান্টিক এবং দক্ষিণের নিউ ইংল্যান্ড উপকূলের কাছে ঝড়টি অবস্থান করছে। সেখানে তখন ভারী বৃষ্টিও হচ্ছিল। পূর্বাভাস অনুযায়ী, গতকাল রাতের দিকে ঝড়টি নিউ জার্সি ও লং আইল্যান্ডের দিকে এগিয়ে যাবে। আর রবিবার সকাল নাগাদ তা ওই অঞ্চলে বড়রকম প্রভাব ফেলতে পারে। এমনিতেই পূর্ণিমার কারণে সপ্তাহ জুড়ে একাধিক জোয়ার ঘটেছে। এই সব জোয়ারের সময়ে মধ্য আটলান্টিক উপকূলে বড় ধরনের জলোচ্ছ্বাস হতে পারে বলেও আগেই জানিয়ে রেখেছিল এনডব্লিউএস।
জীবন নিয়ে জুয়া খেলবেন না!
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, নিউইয়র্ক সিটি ও লং আইল্যান্ডের উপকূলীয় এলাকায় গতকাল, শনিবার এক শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। গভর্নর ক্যাথি পরিষ্কার বলে দিয়েছেন, এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক! এ সপ্তাহের শেষে কেউ যদি জলে নামেন বা জলের কাছাকাছি যান, তবে আক্ষরিক অর্থেই তিনি নিজের জীবন নিয়ে জুয়া খেলছেন বলেই ধরে নেওয়া হবে! গভর্নর ক্যাথি এ-ও বলেছেন যে, কিছু কিছু এলাকায় ২০ ফুট বা প্রায় ৬ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে!
গাছ পড়ে মৃত্যু
প্রসঙ্গত, এই ঝড়বৃষ্টির জেরে একজনের মৃ্ত্যু ঘটেছে। ব্রুকলিনে ৫৬ বছর বয়সি ওই ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলি। ঝোড়ো বাতাসে একটি গাছ উপড়ে গিয়ে তাঁর মাথার উপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এদিকে বিদ্যুৎহীন হাজার-হাজার মানুষ। গতকাল সন্ধ্যা ছ’টা পর্যন্ত নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড ও পেনসিলভানিয়ায় ৬০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন ছিলেন। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিনে লং আইল্যান্ডে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এতে আরও দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা রয়েছে।
শত শত ফ্লাইট বাতিল
ঝড়বৃষ্টির কারণে গতকাল সকালে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। শুধু বস্টনের লোগান বিমানবন্দরেই ২৫৩টি ফ্লাইট বাতিল হয়েছে। পুরো অঞ্চলেই ফ্লাইট চলাচলে দেরি হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার। জেট ব্লু, ইউনাইটেড, আমেরিকান এয়ারলাইনস-সহ বড় কয়েকটি বিমানসংস্থা যাত্রীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। ঝড়ের জেরে এমনকি বিঘ্নিত হয়েছে রাষ্টসংঘের সাধারণ পরিষদের অধিবেশনও। এই অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এসেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। ঝোড়ো বাতাসের কারণে সংবাদমাধ্যমগুলিকে রাষ্ট্রসংঘের সদর দফতরের বাইরে থাকা তাঁদের সম্প্রচার সরঞ্জামগুলি সরিয়ে নিতে বলা হয়েছে।
(Feed Source: zeenews.com)
