
শনিবার ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে গোটা দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে৷
সিজেপি-র বিক্ষোভের জেরে দিল্লির জনজীবন সম্পূর্ণ স্তব্ধ করে দেওয়া যাবে না৷ শুক্রবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷

সিজেপি-র বিক্ষোভের জেরে দিল্লির জনজীবন সম্পূর্ণ স্তব্ধ করে দেওয়া যাবে না৷ শুক্রবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামিকাল দিল্লিতে যন্তর মন্তর সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি৷ সেই বিক্ষোভ সামাল দেওয়ার আগাম প্রস্তুতি হিসেবে দিল্লিগামী একাধিক ট্রেন বাতিল, ৫৭টি মেট্রো স্টেশনের গেট বন্ধ রাখার মতো সিদ্ধান্ত নেয় প্রশাসন৷ সেই নির্দেশিকার পরিপ্রেক্ষিতেই এ দিন প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের নির্দেশ, বিক্ষোভের জন্য দিল্লির গণপরিবহণ ব্যবস্থা সম্পূর্ণ স্তব্ধ করে দেওয়া যাবে না৷
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচার ভি মোহনার বেঞ্চ একই সঙ্গে এ দিন সিজেপি-র বিক্ষোভের জেরে জারি করা নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে৷ পাশাপাশি, সাধারণ মানুষের হয়রানি যাতে যথাসম্ভব কমানো যায়, সেই পরামর্শও দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ৷
নিরাপত্তার অজুহাতেই শনিবার ৫৭টি মেট্রো স্টেশনের গেট বন্ধ রাখার কথা জানায় দিল্লি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (ডিএমআরসিএল)৷ এই নির্দেশিকা নিয়ে প্রধান বিচারপতির মন্তব্য, গুরগাঁও, পূর্ব এবং দক্ষিণ দিল্লির মতো জায়গাগুলি থেকে যে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন জীবিকার কারণেই যাত্রা করেন, তাঁদের কথা ভেবেই আমরা উদ্বিগ্ন৷ প্রত্যেকের তো ব্যক্তিগত গাড়ি থাকে না৷
কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ, সাধারণ যাত্রীদের যাতে অসুবিধা না হয় তা নিশ্চিত করতে নিয়ন্ত্রিত ভাবে হলেও গণপরিবহণ ব্যবস্থা চালু রাখতে হবে৷ দিল্লিগামী ট্রেন এবং মেট্রো স্টেশনগুলি বন্ধ রাখার নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি মামলার রায় দিতে গিয়েই এ কথা জানিয়েছে শীর্ষ আদালত৷
সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, সিজেপি-র বিক্ষোভ যদি বেআইনি হয় তাহলে প্রশাসন বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করতেই পারে৷ কিন্তু তা করতে গিয়ে যেন কোনও ভাবেই রাজধানীর গণপরিবহণ ব্যবস্থা পুরোপুরি স্তব্ধ না হয়ে যায়৷
দিল্লি গামী ট্রেন বাতিল, মেট্রো স্টেশন বন্ধ রাখার পাশাপাশি সিজেপি-র বিক্ষোভের কারণে দু দিন দিল্লিতে মদের দোকান বন্ধ রাখার নির্দেশও জারি করা হয়েছে৷ নিউ দিল্লি এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নম্বর ধারা জারি করার পাশাপাশি কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করেছে দিল্লি পুলিশ৷
(Feed Source: news18.com)