
Snakes: বাইকের সিটের তলায় ওটা কী? মুহূর্তে দেখেই আঁতকে উঠলেন সওয়ারি! ছুটে এলেন আশপাশের লোকজন। পরমুহূর্তেই যা দেখা গেল, চমকে উঠল জলপাইগুড়ির দিনবাজার!
জলপাইগুড়ি: দূর্গাপুজোকে ঘিরে শেষ মুহূর্তের কেনাকাটায় সরগরম তখন জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র দিনবাজার। আর সেই ব্যস্ত বাজার এলাকাতেই ঘটল এক চাঞ্চল্যকর হাড়হিম ঘটনা। যা দেখে কার্যত চক্ষুচড়কগাছ হাল হল বাজারের ক্রেতা থেকে বিক্রেতা সবার!
মোটরবাইকে কিনা বিষধর গোখরো! বড় দুর্ঘটনার থেকে একটুর জন্য রক্ষে মোটর বাইক আরোহীর। এই ঘটনাকে কেন্দ্র করেই পুজোর মুখে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির দিন বাজার এলাকায়।
জানা যায়, একটি মোটরবাইকের চেনের কভারের ফুটো দিয়ে ভিতরে ঢুকে সোজা সিটের নীচে আশ্রয় নেয় আস্ত একটি বিষধর গোখরো সাপের বাচ্চা। দিনবাজার এলাকার একটি ওষুধের দোকানের সামনে রাখা বাইকে সাপ ঢোকার খবর চাউর হতেই স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমান বহু মানুষ।
জানা গিয়েছে, মোটরবাইকটির মালিক দিনবাজারের এক কাপড়ের ব্যবসায়ী জয়প্রকাশ। প্রতিদিনের মতো এদিনও তিনি তাঁর মোটরবাইকটি রেখেছিলেন। সেই সময় আচমকাই চেনের কভারের ফুটো দিয়ে একটি সাপের বাচ্চা বাইকের ভেতরে ঢুকে যায়।
বিষয়টি নজরে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায়। দেরি না করে খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী তথা সর্প উদ্ধারকারীদের। খবর পেয়েই প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পরিবেশ প্রেমী অঙ্কুর দাস ও তাঁর সহযোগীরা।
উদ্ধারকারী অঙ্কুর দাস জানান, বাইকের যন্ত্রাংশ না খুললে সাপটিকে বের করা সম্ভব ছিল না। এরপর বেশ কিছু সময় ধরে সাবধানে বাইকের চেনের কভার ও সিট-সহ একাধিক অংশ খুলে তল্লাশি চালানো হয়। অবশেষে সিটের নীচ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় বিষধর গোখরো সাপের বাচ্চাটিকে।
সর্প উদ্ধারকারীদের কথায়, বাচ্চা হলেও গোখরো অত্যন্ত বিষধর। অসাবধানতাবশত বাইক নিয়ে রওনা দিলে চলন্ত অবস্থাতেই চালককে ছোবল মারার প্রবল ঝুঁকি ছিল, যার ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে দ্রুত সাপটি নজরে আসায় এবং নিরাপদে উদ্ধার হওয়ায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন বাইকচালক।
সুরজিৎ দে
(Feed Source: news18.com)
