
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে হঠাৎই দুর্গা দেওয়ানী নদীর বাঁধের একটি বড় অংশ ভেঙে নদীতে তলিয়ে যায়। বাঁধ ভেঙে যাওয়ায় নদীর জল লোকালয়ে ঢুকে পড়ার আশঙ্কা দেখা দেয়। আর পুজোর ঠিক আগেই প্রায় ১৫০ ফুট বাঁধ ধসে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন সোনারগাঁও এলাকার বাসিন্দারা।
বাঁধ ধসে যাওয়ার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান সেচ দপ্তরের আধিকারিক ও কর্মীরা। নদীর জল যাতে গ্রামে ঢুকতে না পারে ও যাতে কোনও ভাবে প্লাবনের পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য দ্রুত পদক্ষেপ করা শুরু করা হয়। পরিস্থিতি মোকাবিলায় সেচ দপ্তর এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত যৌথভাবে কাজ শুরু করেছে।
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বাঁধ মেরামতির কাজও যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে। দ্রুত ভাঙা অংশ মেরামত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। প্রশাসনের তরফে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
নদীবাঁধের বড় অংশ ধসে পড়ায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। বাঁধ মেরামতির কাজ দ্রুত শেষ করে নদীর জল লোকালয়ে ঢোকা আটকানোই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য। পরিস্থিতির দিকে নজর রাখছেন সেচ দপ্তরের আধিকারিকরা।
