বিমানের টিকিটের দাম নির্ধারণের ক্ষেত্রে আরও স্বচ্ছতারও দাবি জানানো হয় সুপ্রিম কোর্টে দায়ের হওয়া আর্জিতে৷ পাশাপাশি টিকিট বাতিল এবং টাকা ফেরতের ক্ষেত্রেও অভিন্ন বিধি চালুর আর্জি জানানো হয়৷
বিমান ভাড়ার বেলাগাম বৃদ্ধি নিয়ে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের৷
বিমানের টিকিটের দাম নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় বিধি আগামী ১৬ নভেম্বরের মধ্যে তৈরি করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ এ দিন কেন্দ্রের পক্ষ থেকে শীর্ষ আদালতকে জানানো হয়, ইতিমধ্যেই বিমান ভাড়া নিয়ন্ত্রণের জন্য প্রস্তাবিত কাঠামো তৈরি করার কাজ শেষ হয়েছে৷ প্রশাসনিক অনুমোদনও মিলেছে৷ দু সপ্তাহের মধ্যেই এ সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে৷
সলিসিটর জেনারেল তুষার মেহতা এ দিন জানিয়েছেন, লাগামছাড়া এবং কোনওরকম পূর্ব অনুমান ছাড়া বিমানের টিকিটের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়া রুখতে প্রয়োজনীয় বিধি চূড়ান্ত করা হয়ে গিয়েছে৷ দু সপ্তাহের মধ্যেই সেই বিধি প্রকাশিত হবে৷
বিমান ভাড়ার বেলাগাম বৃদ্ধির অভিযোগ নতুন কিছু নয়৷ পরিস্থিতি এবং চাহিদার সুযোগ নিয়ে বিমানসংস্থাগুলি যেভাবে ইচ্ছে, খুশি মতো বিমান ভাড়া বৃদ্ধি করে, তা নিয়ে অতীতে একাধিক বার উদ্বেগ প্রকাশ করেছে আদালতও৷ এমন কি, এই প্রবণতা আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপেরও পরামর্শ দিল আদালত৷ নতুন বিধিতে বেলাগাম ভাবে বিমান ভাড়া বাড়ানোর প্রবণতায় লাগাম টানা সম্ভব হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল৷
সমাজকর্মী এস এল লক্ষ্মীনারায়ণের দায়ের করা মামলার ভিত্তিতেই এ দিন এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ মামলাকারীর আর্জি ছিল, মাত্রাতিরিক্ত হারে বিমান ভাড়া বৃদ্ধি থেকে সাধারণ যাত্রীদের রক্ষা করতে প্রয়োজনী বিধি বা গাইডলাইন কার্যকর করা হোক৷
যে সময় শীর্ষ আদালতের এই নির্দেশ এল, তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কারণ উৎসবের মরশুমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিমানেই বাড়িতে ফেরেন বহু মানুষ৷ বেড়াতেও যান অনেকে৷ অভিযোগ, সেই সুযোগ নিয়ে ইতিমধ্যেই বেলাগাম হারে বিমানের টিকিটের ভাড়া বাড়তে শুরু করেছে৷ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বিমানের টিকিটের দাম সাধ্যের বাইরে চলে যাওয়া সফরের পরিকল্পনা বদলাতে হয়েছে অনেকের৷ কেউ কেউ সফরই বাতিল করেছেন৷
তবে এটাও ঠিক একদিকে যেমন উৎসবের মরশুমে বিমানের টিকিটের চাহিদা বেড়েছে, পাশাপাশি আবার বিমান পরিবহণের খরচও অনেকটাই বৃদ্ধি পেয়েছে৷ অনেকটাই বৃদ্ধি পেয়েছে বিমানের জ্বালানির দাম৷ এই পরিস্থিতিতে অন্তর্দেশী বিমানের ক্ষেত্রে ৬ অক্টোবর থেকে নতুন ফুয়েল সারচার্জ কার্যকর করছে ইন্ডিগো৷ দূরত্ব অনুযায়ী সেই সারচার্জের পরিমাণ দাঁড়াচ্ছে ৩৭৫ থেকে ১৩০০ টাকা৷
(Feed Source: news18.com)