Ajit Agarkar : অজিত আগরকারের জায়গায় বিসিসিআই-এর প্রধান নির্বাচক কে? জানা গেল নাম, প্রজ্ঞান ওঝা পেলেন না দায়িত্ব!

Ajit Agarkar : অজিত আগরকারের জায়গায় বিসিসিআই-এর প্রধান নির্বাচক কে? জানা গেল নাম, প্রজ্ঞান ওঝা পেলেন না দায়িত্ব!

Ajit Agarkar : রমেশ পওয়ার বা অন্য কোনও প্রার্থীর নিয়োগ এবং জুনিয়র নির্বাচক কমিটির নেতৃত্বে পরিবর্তনের বিষয়ে বিসিসিআইয়ের আনুষ্ঠানিক ঘোষণা এখনও পর্যন্ত হয়নি।

ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটিতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রাক্তন স্পিনার রমেশ পওয়ার নির্বাচক কমিটিতে অজিত আগরকারের জায়গা নিতে পারেন বলে খবর। অন্যদিকে, প্রজ্ঞান ওঝাই ভারতের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারেন বলে জানা যাচ্ছে।

অজিত আগরকারের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচক কমিটিতে পশ্চিমাঞ্চলের প্রতিনিধিত্ব করা নির্বাচকের পদটি খালি হয়। সেই পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৪ অক্টোবর।

ক্রিকবাজ-এর প্রতিবেদন অনুযায়ী, ওই পদে নিয়োগের দৌড়ে এগিয়ে রয়েছেন রমেশ পওয়ার। তবে তাঁকে প্রধান নির্বাচক করা হবে না বলেই খবর। নির্বাচক কমিটির যে সদস্যের সবচেয়ে বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে, সাধারণত তিনিই প্রধান নির্বাচকের দায়িত্ব পান। বর্তমান কমিটিতে ২৪টি টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে প্রজ্ঞান ওঝা রয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের ভূমিকায়।

১৪ অক্টোবর আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (CAC) চার থেকে পাঁচ জন প্রার্থীর সাক্ষাৎকার নেয়। সেই তালিকায় ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরও। জানা গিয়েছে, ১৫ অক্টোবর সাক্ষাৎকারের প্রক্রিয়া শেষ হয়। এর পর রমেশ পওয়ারকে নিয়ে কমিটির আস্থা আরও বেড়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রমেশ পওয়ার দুটি টেস্ট ও ৩১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি মূলত অফ-স্পিন বোলার হিসেবেই পরিচিত। রমেশ পওয়ার ও ওয়াসিম জাফর ছাড়াও সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার কনর উইলিয়ামস, জ্যাকব মার্টিন এবং সলিল আঙ্কোলা। রমেশ পওয়ারকে প্রথমে জুনিয়র নির্বাচক কমিটির জন্য সাক্ষাৎকার দিতে ডাকা হয়েছিল। একসময় তাঁকে জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান করার কথাও বিবেচনা করা হয়েছিল। তবে এখন তাঁকে সিনিয়র নির্বাচক কমিটিতে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। সেই পরিস্থিতিতে জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব কর্নাটকের প্রাক্তন ক্রিকেটার ডোড্ডা গণেশের হাতে যেতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।

(Feed Source: news18.com)