কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি

কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি

 

ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচেও একাদশে জায়গা হয়নি বৈভব সূর্যবংশীর। ওপেনিংয়ে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা জুটিই খেলতে নেমেছিলেন। যার ফলে এই নিয়ে টানা ৬ নম্বর টি-টোয়েন্টি ম্য়াচে বেঞ্চেই বসেই ম্য়াচ দেখতে হয়েছে বৈভবকে। বৃহস্পতিবার টসের পর ভারতীয় একাদশে নাম দেখা যায়নি বৈভবের। এরপরই ক্ষোভ ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় গৌতম গম্ভীর ও অধিনায়ক শ্রেয়স আইয়ারের তীব্র সমালোচনা করেন ক্রিকেটপ্রেমীরা।

চূড়ান্ত একাদশে সুযোগ না দিলে সূর্যবংশীকে কেন দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তা নিয়ে বেশ কয়েকজন সমর্থক প্রশ্ন তোলেন। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তরুণ এই ব্যাটারকে বারবার বাইরে রাখার কারণে গম্ভীরের বরখাস্তের দাবিও জানান। অন্য একজন তরুণ ব্যাটারের প্রতি এই ধরনের আচরণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে জানতে চান, কেন বৈভবকে বারবার রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা হচ্ছে।

রাজস্থানের জার্সিতে আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের পর ঘরোয়া ক্রিকেটে ও ভারতীয় এ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিল বৈভব। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ২ তারকা ওপেনার স্যামসন ও অভিষেককে সরিয়ে বৈভবকে একাদশে এখনই সুযোগ দেওয়ার কথা ভাবছে না ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট, তা নিয়ে শ্রেয়স নিজের সাংবাদিক বৈঠকে বলেও ছিলেন। কিন্তু যদি বৈভবকে সুযোগ নাই দেওয়া হয়, তাহলে ওকে ছেড়ে কেন দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন অনেক ক্রিকেটভক্ত। তাহলে বৈভব রঞ্জি ট্রফিতে অংশ নিতে পারবে বলে মনে করেন অনেকে।