
রাশিয়ার স্যাটেলাইট Cosmos 2612 (Kosmos 2612) আমেরিকার ICEYE-X36 নামের একটি বাণিজ্যিক স্যাটেলাইটের কাছাকাছি পৌঁছে যায়। ১৫ থেকে ১৯ অক্টোবরের মধ্যে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্পেস ট্র্যাকিং সংস্থা LeoLabs. শুধুমাত্র কাছাকাছি পৌঁছে যাওয়াই নয়, টানা দু’দিন আমেরিকার স্যাটেলাইটের কাছাকাছি মোতায়েন ছিল রুশ স্যাটেলাইট। একটা সময় পর দূরত্ব ছিল মাত্র কয়েকশো মিটার। ( ICEYE-X36)
বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, আচমকা দুই স্যাটেলাইটের এত কাছাকাছি চলে আসা অত্যন্ত বিপজ্জনক। কেন গতিপথ বদল করে রুশ স্যাটেলাইটটি আমেরিকার স্যাটেলাইটের কাছে পৌঁছে গেল, কী উদ্দেশ্য ছিল, তা এখনও পরিষ্কার নয়। আমেরিকার যে ICEYE-X36 স্যাটেলাইটের কাছে পৌঁছে গিয়েছিল রুশ স্যাটেলাইটটি, সেটি মহাকাশ থেকে ইউক্রেনকে ‘রেডার ইমেজারি’ সরবরাহ করছিল।
‘রেডার ইমেজারি’ এক ধরনের ভিস্যুয়াল ম্যাপ। ভিস্যুয়াল ম্যাপকে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি চোখও বলা চলে। কারণ বৃষ্টি, মেঘ, ধোঁয়া অতিক্রম করে নির্দিষ্ট জায়গার ছবি তুলে ধরতে পারে সেটি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলাকালীন ইউক্রেনকে ওই রেডার ইমেজারি সরবরাহ করা হচ্ছিল ICEYE-X36 স্যাটেলাইট থেকে।
চলতি বছরের ১৬ এপ্রিল Cosmos 2612 স্যাটেলাইটটিকে মহাকাশে পাঠায় রাশিয়া। মহাকাশে যে ছয়টি সামরিক স্যাটেলাইট রয়েছে তাদের, Cosmos 2612 তার মধ্যে অন্যতম। আমেরিকার সামরিক বাহিনী ওই স্যাটেলাইটগুলির গতিবিধির উপর নজর রাখছিল। আর তাতেই গতিপথ পরিবর্তনের বিষয়টি ধরা পড়ে। জানা গিয়েছে, গত সপ্তাহেই হঠাৎ আমেরিকার স্যাটেলাইটটির পিছু নেয় Cosmos 2612. একটা সময় পর দূরত্ব কমে ৫০০ মিটারেরও কম হয়ে যায়।
LeoLabs জানিয়েছে, একেবারে পরিকল্পনা মাফিক ICEYE-X36-এর দিকে এগোয় Cosmos 2612. নেদারল্যান্ডসের ডেলফট ইউনিভার্সিটি অফ ডেকনোলজির স্যাটেলাইট ট্র্যাকিং বিশেষজ্ঞ মার্কো ল্যাংব্রোক জানিয়েছেন, ইচ্ছাকৃত ভাবে বিষয়টি ঘটানো হয়েছে কি না, তা নিয়ে গোড়ায় সন্দিহান ছিলেন তাঁরা। তবে পর পর যে পদক্ষেপ করে Cosmos 2612, যেভাবে ICEYE-X36-এর কাছে পৌঁছে যায় এবং অবস্থান প্রায় একই জায়গায় চলে যায়, তাতে স্পষ্ট হয়ে যায় সবকিছু।
তবে এই প্রথম নয়, এর আগেও রাশিয়ার বিরুদ্ধে অন্য স্যাটেলাইটের পিছু নেওয়ার অভিযোগ উঠেছিল। ২০২২ সালে রাশিয়ার গুপ্তচর স্যাটেলাইট Cosmos 2558 আমেরিকার USA 338 স্যাটেলাইটের কাছাকাছি পৌঁছে যায়।
(Feed Source: abplive.com)
