IIT Kharagpur: ৩৫ কোটির ঐতিহাসিক চুক্তি! এবার ভারতের প্রথম ‘ফিজিক্যাল AI’ স্কুল গড়ে উঠছে আইআইটি খড়্গপুরে, নতুন বিপ্লবের অপেক্ষায় দেশ

IIT Kharagpur: ৩৫ কোটির ঐতিহাসিক চুক্তি! এবার ভারতের প্রথম ‘ফিজিক্যাল AI’ স্কুল গড়ে উঠছে আইআইটি খড়্গপুরে, নতুন বিপ্লবের অপেক্ষায় দেশ

IIT Kharagpur: শুধুমাত্র স্ক্রিনের চ্যাটবক্স বা ডেটা অ্যানালিসিস নয়, এবার কৃত্রিম মেধা (AI) সরাসরি বুঝতে শিখবে বাস্তব পৃথিবীর ঘর্ষণ, চাপ ও তাপমাত্রা! আইআইটি খড়্গপুরে গড়ে উঠছে ভারতের প্রথম ‘বেঞ্জামিন গুপ্ত স্কুল অফ ফিজিক্যাল এআই’।

আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে দেশের প্রথম বেঞ্জামিন গুপ্ত স্কুল অফ ফিজিক্যাল এআই প্রতিষ্ঠান (ছবিঃ এআই)

খড়গপুর, রঞ্জন চন্দ: শুধুমাত্র কম্পিউটারের পর্দা কিংবা মোবাইল অ্যাপের চ্যাটবক্সে আটকে না থেকে কৃত্রিম মেধা বা এআই যখন সরাসরি মাটির পৃথিবীর বাস্তবতাকে বুঝতে শিখবে, তখনই উন্মোচিত হবে মানবসভ্যতার উপযোগিতার এক নতুন দিগন্ত। সেই লক্ষ্যকে সামনে রেখেই আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে গড়ে উঠছে দেশের প্রথম বিশেষায়িত ‘বেঞ্জামিন গুপ্ত স্কুল অফ ফিজিক্যাল এআই’। তথ্য বিশ্লেষণ ও কোডিংয়ের পাশাপাশি এই কেন্দ্রটির মূল উপযোগিতা হলো বাস্তব প্রাকৃতিক নিয়ম, জটিল পদার্থবিদ্যা এবং জীববিজ্ঞানের মেলবন্ধনে এমন সব প্রযুক্তি তৈরি করা, যা মানুষের দৈনন্দিন সমস্যা মেটাতে নির্ভুলভাবে কাজ করবে। প্রতিষ্ঠানের প্রখ্যাত প্রাক্তনী বিনোদ গুপ্ত এবং আমেরিকার ‘আইআইটিকেজিপি ফাউন্ডেশন’-এর সঙ্গে যৌথ উদ্যোগে এই কেন্দ্র গড়ে তোলার জন্য স্বাক্ষরিত হয়েছে এক ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি। ৩৫ কোটি টাকার এই সামগ্রিক প্রকল্পে বিনোদ গুপ্ত পরিবার ১২.৫ কোটি টাকা এবং নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক প্রাক্তনী ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন; বাকি অর্থের ব্যবস্থা করছে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ।