Mukutmanipur Attractions: কংসাবতীর জলে মনের মানুষের সঙ্গে নৌকোবিহারের সময় হারিয়ে যান পাখির ডাকে…মুকুটমণিপুরে গেলে এই স্পট মিস করবেন না

Mukutmanipur Attractions: কংসাবতীর জলে মনের মানুষের সঙ্গে নৌকোবিহারের সময় হারিয়ে যান পাখির ডাকে…মুকুটমণিপুরে গেলে এই স্পট মিস করবেন না

Mukutmanipur Attractions: মুকুটমণিপুর তো অনেক বার গিয়েছেন। এই স্পট দেখেছেন কি? এই শীতে গেলে মিস করবেন না এই ঠিকানা। প্রকৃতির রূপে ভরে যাবে মন।

বাঁকুড়া জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর। খাতরা মহকুমায় অবস্থিত এই পর্যটন কেন্দ্রে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই ভিড় জমান পর্যটকরা। এখানকার অন্যতম আকর্ষণ মুসাফিরানা ভিউ পয়েন্ট। ২০১৪ সালে তৎকালীন বাঁকুড়া জেলাশাসকের হাত ধরে এই দৃষ্টিনন্দন ভিউ পয়েন্টের উদ্বোধন হয়। সময়ের সঙ্গে সঙ্গে পর্যটকদের কাছে বেড়েছে এর জনপ্রিয়তা।

মুসাফিরানা ভিউ পয়েন্টে দাঁড়ালে চোখের সামনে ধরা দেয় সুবিশাল কংসাবতী জলাধারের মনোরম দৃশ্য। বিস্তীর্ণ জলরাশি, দূরের পাহাড় আর খোলা আকাশ মিলিয়ে তৈরি হয় এক অপরূপ প্রাকৃতিক পরিবেশ। বিশেষ করে রোদের আলোয় ড্যামের নীল জল যখন ঝলমল করে ওঠে, তখন সেই দৃশ্য মুগ্ধ করে পর্যটকদের। এক জায়গায় দাঁড়িয়েই উপভোগ করা যায় প্রায় গোটা কংসাবতী ড্যামের বিস্তৃত জলভাগ।

তবে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, মুসাফিরানার অন্যতম বিশেষ আকর্ষণ ছোটদের জন্য তৈরি করা সহজপাঠের চিত্রাবলি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠের প্রতিটি পাতার ছবি এখানে সাজিয়ে তোলা হয়েছে। ফলে বড়দের পাশাপাশি ছোট ছোট কচিকাঁচাদের কাছেও এই ভিউ পয়েন্ট হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্র। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে বাংলা বইয়ের পরিচিত ছবিগুলি দেখার অভিজ্ঞতা পর্যটকদের কাছে বাড়তি পাওনা।

সবচেয়ে আকর্ষণীয় বিষয়, মাত্র ১০ টাকার প্রবেশমূল্যেই ঘুরে দেখা যায় এই মুসাফিরানা ভিউ পয়েন্ট। অল্প খরচে পরিবার-পরিজন কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি হতে পারে আদর্শ একটি ঠিকানা। বিশেষ করে বর্ষার মরশুমে চারপাশের সবুজ প্রকৃতি এবং কংসাবতীর জলরাশির সৌন্দর্য মুকুটমণিপুরকে আরও মনোরম করে তোলে।

মুসাফিরানা ছাড়াও মুকুটমণিপুরে পর্যটকদের জন্য রয়েছে একাধিক আকর্ষণ। কংসাবতী ড্যামে নৌকাবিহারের মাধ্যমে উপভোগ করা যায় জলাধারের অন্যরকম সৌন্দর্য। পাশাপাশি রয়েছে পরেশনাথ পাহাড় ও মন্দির, যেখানে প্রকৃতি এবং ধর্মীয় পরিবেশের এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়। ঘুরে দেখা যেতে পারে ঐতিহাসিক অম্বিকানগর রাজবাড়িও। সব মিলিয়ে প্রকৃতি, ইতিহাস, ধর্মীয় স্থান এবং বিনোদন—একসঙ্গে উপভোগ করার সুযোগ রয়েছে মুকুটমণিপুরে।

(Feed Source: news18.com)