
উত্তর ২৪ পরগনার বাগদার যুবক রাঘবেন্দ্র সিনহা আভেঞ্জার্স সহ একাধিক হলিউড সিনেমার পর এবার রামায়ণ সিনেমার ভিএফএক্স ও অ্যানিমেশনের কাজ করে এলাকার মানুষকে গর্বিত করেছেন।
উত্তর ২৪ পরগনা: আভেঞ্জার্স সহ হলিউডের একাধিক জনপ্রিয় সিনেমায় কাজের পর এবার বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমার সঙ্গেও যুক্ত হয়ে এলাকার মানুষকে গর্বিত করে তুলল উত্তর ২৪ পরগনার বাগদার যুবক রাঘবেন্দ্র সিনহা। বাগদা থানার আশারু বাজারের বাসিন্দা ৩৪ বছর বয়সি রাঘবেন্দ্রর হাত ধরে তৈরি হয়েছে সিনেমার একাধিক চরিত্রের অ্যানিমেশন ও ভিজ্যুয়াল এফেক্টসের কাজ। সীমান্তবর্তী এলাকার এক যুবকের এমন আন্তর্জাতিক কাজের সঙ্গে যুক্ত হওয়ার খবর সামনে আসতেই কৌতূহল বেড়েছে এলাকার মানুষের মধ্যে। তাঁর এই সাফল্যে গর্বিত স্থানীয় বাসিন্দারাও।
২০১৭ সালে অ্যানিমেশনের কোর্স সম্পূর্ণ করে একটি সংস্থায় কাজে যোগ দেন রাঘবেন্দ্র। সেখান থেকেই কার্টুন অ্যানিমেশনের মাধ্যমে তাঁর কর্মজীবনের শুরু। এরপর ২০২১ সালে একটি বড় সংস্থার সঙ্গে যুক্ত হন তিনি। সেই সংস্থার মাধ্যমেই একাধিক হলিউড সিনেমার অ্যানিমেশন ও ভিএফএক্সের কাজে যুক্ত হওয়ার সুযোগ পান। তাঁর কাজের তালিকায় রয়েছে ‘এক্স-মেন: ডার্ক ফিনিক্স’, ‘মেগ ২’, ‘অ্যাভেঞ্জার্স’, ‘ভেনম’ এবং ‘ম্যালেফিসেন্ট’-এর মতো সিনেমা।
পরবর্তীতে তাঁদের সংস্থার হাতেই আসে ‘রামায়ণ’ সিনেমার কাজ। সেই প্রজেক্টের সঙ্গে যুক্ত হন রাঘবেন্দ্রও। ২০২১ সালের শেষের দিকে এই সিনেমার কাজ শুরু হলেও ২০২২ সালের শুরু থেকে সফটওয়্যারের মাধ্যমে মূল কাজ শুরু হয়। প্রায় চার বছর ধরে এই প্রজেক্টে কাজ করেছেন তিনি। সিনেমার ভিএফএক্স বিভাগের রিগিং আর্টিস্ট হিসেবে তাঁর দায়িত্ব ছিল বিভিন্ন চরিত্রকে নড়াচড়ার উপযোগী করে তোলা। চরিত্রের শরীরের বিভিন্ন অংশের মুভমেন্ট, এক্সপ্রেশন এবং অ্যানিমেশনের উপযোগী কাঠামো তৈরির কাজ করেছেন তিনি। বিশেষ করে যুদ্ধের দৃশ্যে বিভিন্ন চরিত্রের আঘাত পেয়ে ছিটকে পড়া বা উড়ে যাওয়ার মতো দৃশ্য তৈরির কাজেও যুক্ত ছিলেন রাঘবেন্দ্র।
রাঘবেন্দ্র জানান, রামায়ণ হিন্দু ধর্মের অন্যতম মহাকাব্য। ছোটবেলা থেকে এই মহাকাব্যের গল্প শুনে বড় হয়েছেন তিনি। সেই রামায়ণকে কেন্দ্র করে তৈরি এত বড় মাপের সিনেমার একজন সদস্য হতে পেরে তাঁর খুব ভালো লাগছে। সিনেমায় নিজের নাম থাকাটাও তাঁর কাছে বিশেষ প্রাপ্তি। বাগদার মতো সীমান্তবর্তী এলাকার একটি গ্রাম থেকে উঠে এসে এমন বড় প্রজেক্টে কাজ করতে পারাকে নিজের পাশাপাশি এলাকার গর্ব বলেই মনে করছেন তিনি। আগামী দিনে মানুষ যতদিন এই সিনেমা নিয়ে আলোচনা করবেন, ততদিন এই কাজের সঙ্গে নিজের নাম জড়িয়ে থাকবে, এটাই তাঁর কাছে বড় পাওনা।
হলিউডের একাধিক সিনেমার কাজ থেকে শুরু করে ‘রামায়ণ’-এর মতো বড় প্রজেক্ট রাঘবেন্দ্রর এই যাত্রা এখন বাগদার আশারু বাজারের আলোচনার বিষয়। সীমান্তের প্রত্যন্ত এলাকা থেকেও যে আন্তর্জাতিক বিনোদন জগতের সঙ্গে যুক্ত হওয়া সম্ভব, তা নিজের কাজের মধ্য দিয়ে তুলে ধরেছেন এই যুবক।
(Feed Source: news18.com)
