
Cancer Prevention: বেশির ভাগ ক্যানসারই ধরা পড়ে তৃতীয় বা চতুর্থ পর্যায়ে গিয়ে। কারণ রোগী তো বটেই, আশপাশের মানুষেরাও রোগের লক্ষণ নিয়ে সচেতন নন। আর সেখানেই দেরি হয়ে যায়। যতক্ষণে রোগ ধরা পরে, ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। কাজেই শুরুতেই সচেতন হন। জেনে রাখুন, অগ্নাশয়ের ক্যানসারের একেবারে শুরুতে শরীরে এই ৮ লক্ষণ দেখা দেয়–
ক্যানসারকে হারানোর প্রথম ও সবথেকে বড় শর্তই হল, রোগ আগেভাগে শনাক্ত করা। প্রথম পর্যায়ে ধরা পড়লে রোগ সারানোর সুযোগ অনেকগুণ বেশি। চিকিৎসকেরা বলেন, ক্যানসার কিন্তু রাতারাতি হয় না! কর্কট রোগ যদি তলে তলে বাসা বাঁধে, তা হলে তার কিছু লক্ষণ আগেই থেকেই শরীরে প্রকাশ পায়। ফোর্টিস হাসপাতাল, আনন্দপুরের কনসালট্যান্ট (ডিরেক্টর– জিআই অ্যান্ড রোবোটিক সার্জারি) ডাঃ উদীপ্ত রায় বলেন, অগ্ন্যাশয়ের ক্যানসার বা প্যানক্রিয়াটিক ক্যানসারের ফার্স্ট স্টেজে শরীরে এই ৮ লক্ষণ ফুটে ওঠে–
পেটে একটানা ব্যথা–
পেটের উপরের দিকে, বিশেষ করে নাভির উপরের অংশে একটানা ব্যথা বা অস্বস্তি প্যানক্রিয়াটিক ক্যানসারের প্রথম লক্ষণ। প্রথম দিকে ব্যথা খুব হালকা থাকে কিংবা মাঝে মাঝে ব্যথা হয়। তাই অনেকেই একে গ্যাস, অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা বলে মনে করেন।
কিন্তু টিউমার বড় হতে থাকলে আশপাশের স্নায়ু ও টিস্যুর উপর চাপ পড়ে। তখন পেটের ব্যথা পিঠের দিকেও ছড়িয়ে পড়তে পারে। খাওয়ার পরে বা চিৎ হয়ে শুয়ে থাকলে ব্যথা বেশি হয়।
কোনও কারণ ছাড়াই ওজন কমে যাওয়া
— খাওয়াদাওয়া বা জীবনযাত্রায় কোনও পরিবর্তন না করেও হঠাৎ ওজন কমতে শুরু করলে সতর্ক হন। অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস খাবার হজম করার জন্য প্রয়োজনীয় এনজাইম তৈরি করে। প্যানক্রিয়াসের ক্যানসার হলে খাবার হজম এবং শরীরে পুষ্টি শোষণের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়।
এ ছাড়া শরীরের মেটাবলিজমেও পরিবর্তন ঘটে। ফলে পেশির ক্ষয়, খিদে কমে যাওয়া এবং ধীরে ধীরে ওজন কমার সমস্যা দেখা দেয়।
খিদে কমে যাওয়া–
অল্প খাবার খেলেই পেট ভরা লাগছে? সতর্ক হন।
টিউমারের কারণে হওয়া প্রদাহ হজমের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা দেয়। খাওয়ার পরে পেটে অস্বস্তি, বমি বমি ভাব বা পেট ফাঁপার সমস্যাও হতে পারে। ফলে রোগীর খাওয়ার ইচ্ছা কমে যায়।
দীর্ঘদিন ধরে হজমের সমস্যা
— বারবার বদহজম, পেট ফাঁপা, বমি বমি ভাব, অতিরিক্ত গ্যাস এবং খাওয়ার পরে পেটে অস্বস্তি অগ্ন্যাশয়ের ক্যানসারের লক্ষণ হতে পারে।
অগ্ন্যাশয় সেই এনজাইম তৈরি করে যা খাবারের ফ্যাট, প্রোটিন ও কার্বোহাইড্রেট হজম করতে সাহায্য করে। ফলে অগ্ন্যাশয় সুস্থ না থাকলে খাবার হজমে সমস্যা হবেই। দেখা দেয় অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসের মতো লক্ষণ।
হঠাৎ নতুন করে ডায়াবেটিস হওয়া
— ৫০ বছরের বেশি বয়সে আগে থেকে কোনও স্পষ্ট কারণ বা ঝুঁকি না থাকা সত্ত্বেও হঠাৎ ডায়াবেটিস ধরা পড়লে সাবধান। অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করে। এই হরমোন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। অগ্ন্যাশয়ে টিউমার হলে ইনসুলিন তৈরির কোষগুলি স্বাভাবিক কাজ করতে পারে না। ফলে শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের সমস্যা দেখা দেয়।
কিছু রোগীর ক্ষেত্রে প্যানক্রিয়াটিক ক্যানসারের অন্য কোনও স্পষ্ট লক্ষণ দেখা দেওয়ার কয়েক মাস আগেই ডায়াবেটিস ধরা পড়ে। তবে মনে রাখতে হবে, যাঁদের ডায়াবেটিস হয়, তাঁদের অধিকাংশেরই অগ্ন্যাশয়ের ক্যানসার থাকে না।
সবসময় ক্লান্তি ও দুর্বল লাগা–
পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও যদি সবসময় ক্লান্তি, অবসাদ বা দুর্বল লাগে, তাহলে সতর্ক হন।
ক্যানসারের কারণে শরীরে প্রদাহ, খাবার থেকে পর্যাপ্ত পুষ্টি না পাওয়া, ওজন কমে যাওয়া, বিপাকক্রিয়ায় পরিবর্তন কিংবা রক্তাল্পতার মতো সমস্যা দেখা দিতে পারে। এর ফলে ক্লান্তি পিছু ছাড়ে না।
পিঠে একটানা ব্যথা–
অগ্ন্যাশয়ের ক্যানসার হলে কখনও কখনও পিঠের মাঝখানে বা উপরের দিকে একটানা ব্যথা হয়। প্যানক্রিয়াস পেটের গভীরে, পাকস্থলীর পিছনের দিকে অবস্থিত। এর আশপাশে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্নায়ু রয়েছে। টিউমার বড় হতে থাকলে সেই স্নায়ুগুলির উপর চাপ পড়ে, ফলে পেটের উপরের অংশ থেকে ব্যথা পিঠের দিকে ছড়িয়ে পড়ে।
সাধারণ পেশির ব্যথার মতো এই ব্যথা বিশ্রাম নিলে বা শোওয়ার ভঙ্গি বদলালে কমে না।
জন্ডিস বা চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া– অগ্ন্যাশয়ের ক্যানসারের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল জন্ডিস।
টিউমারের চাপে পিত্তনালি বন্ধ হয়ে যেতে পারে। ফলে পিত্তরস স্বাভাবিকভাবে অন্ত্রে পৌঁছতে পারে না। এর ফলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। তখন চোখ ও ত্বক হলুদ হয়ে যেতে পারে।
(Feed Source: news18.com)
