
Best Handwriting In World: একসময় হাতের লেখা ছিল খারাপ, যা নিয়ে শিক্ষকদের কাছে নিয়মিত বকুনি খেতেন ভাঙড়ের প্রণব কুমার নস্কর। এরপর হাতের লেখা ভাল করার জেদ চেপে যায় তাঁর মধ্যে। স্কুলের গণ্ডি পেরিয়ে মহাবিদ্যালয়ে পৌঁছেও সেই জেদকে ভোলেননি তিনি। আর যার পর মেলে সাফল্য।
ভাঙড়, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: একসময় হাতের লেখা ছিল খারাপ, যা নিয়ে শিক্ষকদের কাছে নিয়মিত বকুনি খেতেন ভাঙড়ের প্রণব কুমার নস্কর। এরপর হাতের লেখা ভাল করার জেদ চেপে যায় তাঁর মধ্যে। স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে পৌঁছেও সেই জেদকে ভোলেননি তিনি। আর তারপরেই সেই পথে মেলে সাফল্য।
প্রণব হাতের লেখা ভাল করার জন্য ক্যালিগ্রাফি শিখতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তিনি পোস্ট করতেন। সেই পোস্ট নজরে আসে বিশ্ব হস্তাক্ষর প্রতিযোগিতার বিচারক জিয়াউর রহমানের। তিনি বিভিন্ন পরামর্শ দেন। এরপর আমেরিকায় ওয়ার্ল্ড হ্যান্ড রাইটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং প্রথম স্থান অধিকার করেন প্রণব।
ভাঙড়ের তরুণ প্রণব কুমার নস্করের বাড়ি ভাঙড় থানার দক্ষিণ কালিকাপুরে। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধার পরিচয় দিয়েছেন প্রণব। ভাঙড় হাইস্কুল থেকে স্কুলজীবন শেষ করার পর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ভাঙড় মহাবিদ্যালয়ে। সেখানে ভূগোল নিয়ে স্নাতক হন তিনি। শুধু ডিগ্রি অর্জনই নয়, নিজের ব্যাচের সেরা ছাত্র হিসাবেও পরিচিতি পান তিনি।
বর্তমানে বিএড করছেন প্রণব। পড়াশোনার পাশাপাশি ক্যালিগ্রাফি শিখেছেন তিনি। সেপ্টেম্বর মাসে কোরিয়ায় আয়োজিত ক্যালিগ্রাফি প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন তিনি। প্রণবের এই অভাবনীয় কৃতিত্বের খবর ছড়িয়ে পড়তেই খুশির আবহ তৈরি হয়েছে এলাকায়। আন্তর্জাতিক স্তরে এমন সাফল্যের জন্য তাঁকে বিশেষ ভাবে সংবর্ধনা জানান বিশিষ্ট সমাজসেবী কাইজার আহমেদ। শুধু সম্মান জ্ঞাপনই নয়, আগামী দিনে প্রণবের প্রতিভার বিকাশ এবং তাঁর স্বপ্নপূরণের পথে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।
ভাঙড়ের তরুণের হাত ধরে আন্তর্জাতিক মঞ্চে বাংলার এই সাফল্য নি:সন্দেহে তাৎপর্যপূর্ণ। প্রতিকূলতা কিংবা এলাকার সীমাবদ্ধতা যে প্রতিভার বিকাশে বাধা হয়ে দাঁড়াতে পারে না, প্রণবের সাফল্য যেন সেই বার্তাই দিচ্ছে এলাকায়। তাঁর এই বিশ্বজয় আগামী দিনে এলাকার আরও অনেক তরুণকে নিজেদের প্রতিভা চর্চায় উৎসাহিত করবে, এমনটাই আশা ভাঙড়বাসীর।
(Feed Source: news18.com)
