Rajasthan Panchayat Election Results 2026: মুখ্যমন্ত্রী ভজনলালের ভরতপুরেও BJP-কে হারিয়েছে কংগ্রেস! রাজস্থানের জয়ের পরে রাহুল গান্ধী লিখলেন, ‘গ্রামীণ ভারতের কণ্ঠস্বর’

Rajasthan Panchayat Election Results 2026: মুখ্যমন্ত্রী ভজনলালের ভরতপুরেও BJP-কে হারিয়েছে কংগ্রেস! রাজস্থানের জয়ের পরে রাহুল গান্ধী লিখলেন, ‘গ্রামীণ ভারতের কণ্ঠস্বর’

 

শুক্রবার ৩৭টি জেলায় যে আসনগুলির ভোটগণনা হয়েছে, তার মধ্যে ৩৩টি জেলায় পঞ্চায়েত সমিতির আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। মাত্র চারটি জেলায় এগিয়ে বিজেপি।

পাশাপাশি, আঞ্চলিক দল এবং নির্দল প্রার্থীরাও বেশ কয়েকটি এলাকায় নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করেছেন। নির্দল প্রার্থীরা পেয়েছেন ৬২৭টি পঞ্চায়েত সমিতির আসন। হনুমান বেনিওয়ালের রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (RLP) পেয়েছে ৪৯৬টি আসন। এছাড়াও ভারত আদিবাসী পার্টি (BAP), বহুজন সমাজ পার্টি (BSP) এবং সিপিআই(এম) কিছু আসনে জয় পেয়েছে। শুধু তাই নয়, বিজেপির শক্ত ঘাঁটিতেও দাঁত ফুটিয়েছে কংগ্রেস৷

বিজেপির শক্ত ঘাঁটি এবং মুখ্যমন্ত্রীর জেলাতেও ধাক্কারাজস্থানের একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্রে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে কংগ্রেস। রাজ জয়পুরে ২২টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৪টিতেই জয় পেয়েছে তারা। পাশাপাশি যোধপুর, বিকানের, সিকার এবং দৌসাতেও ভালো ফল করেছে কংগ্রেস।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নিজের জেলা ভরতপুরেও বিজেপিকে পিছনে ফেলে দিয়েছে কংগ্রেস। এই নির্বাচনে বেশ কয়েকটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যদেরও পরাজয়ের মুখ দেখতে হয়েছে। সিকারে রাজ্যের নগরোন্নয়ন ও আবাসনমন্ত্রী ঝাবর সিং খাররার স্ত্রী এবং ছেলে হেরে গিয়েছেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই ফলাফলকে গ্রামীণ মানুষের ক্ষোভের স্পষ্ট বহিঃপ্রকাশ বলে ব্যাখ্যা করেছেন। তাঁর অভিযোগ, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে দুর্বল করে দেওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে, নির্বাচনে প্রত্যাশিত ফল না হওয়ার কথা স্বীকার করেছে বিজেপিও। আগামী নির্বাচনের আগে দলের তৃণমূল স্তরের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তারা।

রাহুল গান্ধীর ধন্যবাদ প্রকাশকংগ্রেস নেতা রাহুল গান্ধী রাজস্থানের পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ তাঁর দলের বিপুল জয়কে ‘গ্রামীণ ভারতের কণ্ঠস্বর’ বলে অভিহিত করেছেন। মরুরাজ্যে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধে নির্ণায়ক রায় দেওয়ার জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

শুক্রবার রাজস্থানের ৩৭টি জেলায় ভোটগণনার পর সমাজমাধ্যম X-এ একটি বিবৃতি পোস্ট করেন রাহুল গান্ধি। সেখানে তিনি বলেন, জনগণের এই রায় কংগ্রেসের কাঁধে বড় দায়িত্ব তুলে দিয়েছে। একই সঙ্গে রাজ্যে ক্ষমতাসীন বিজেপির কাছে স্পষ্ট রাজনৈতিক বার্তা পৌঁছে দিয়েছে।

রাহুলের অভিযোগ, মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন (MGNREGA) দুর্বল করে দেওয়া, কৃষকদের লোকসানের মুখে ঠেলে দেওয়া এবং পঞ্চায়েতগুলির সাংবিধানিক ক্ষমতা খর্ব করার ফল ভুগতে হচ্ছে গ্রামাঞ্চলের মানুষকে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং বাধ্য হয়ে অন্যত্র কাজের সন্ধানে চলে যাওয়ার মতো সমস্যায় গ্রামের মানুষ বিপর্যস্ত বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, এই নির্বাচনের ফলাফল শুধু রাজস্থানের মধ্যে সীমাবদ্ধ নয়, দেশের বিভিন্ন প্রান্তের গ্রামীণ এলাকার মানুষের মনোভাবও প্রতিফলিত করেছে।

রাজস্থানের গ্রামীণ নির্বাচনে পরবর্তী পদক্ষেপ কী?৩৭টি জেলার অধিকাংশ ওয়ার্ডের ফলাফল স্পষ্ট হয়ে যাওয়ার পর এবার নজর পরোক্ষ নির্বাচনগুলির দিকে। আগামী ২৫ নভেম্বর জেলা পরিষদের জেলা প্রধান (জিলা প্রমুখ) নির্বাচন এবং ২৭ নভেম্বর পঞ্চায়েত সমিতির প্রধান নির্বাচনের দিন ধার্য হয়েছে।

ত্রিশঙ্কু পরিস্থিতিতে থাকা পঞ্চায়েত ও জেলা পরিষদগুলিতে নির্দল প্রার্থী এবং RLP-র প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। ফলে পরবর্তী নির্বাচনে বোর্ড গঠনের ক্ষেত্রে তাঁদের সমর্থন নির্ণায়ক হয়ে উঠতে পারে।

(Feed Source: news18.com)