
গতকাল হায়দ্রাবাদের এশিয়ান ইনসটিটিউট অব গ্যাস্ট্রোএন্টারোলজি হাসপাতালে রাত আটটার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর এবং তাঁর স্ত্রী ও কন্যা বর্তমান।
অনেকদিন ধরে তিনি প্যানক্রিয়াসের সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে তাঁর এক জটিল অপারেশন এই হাসপাতালে হয়। অপারেশনের আগে কবি নিজেই সমস্ত খবরাখবর ফেসবুকে আপডেট দিয়ে যাচ্ছিলেন। কিন্তু অপারেশনের পর থেকেই তাঁর অবস্থা অবনতির দিকে যেতে শুরু করে। গতকাল মঙ্গলবার রাত আটটা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যু সংবাদ পরিবারের সদস্যদের জানান।
প্রবুদ্ধ সুন্দর করের বাড়ি ত্রিপুরার আগরতলায়। শিক্ষকতা করতেন। তিনি বাংলা ভাষার একজন বলিষ্ঠ এবং অন্যতম কবি, নব্বই দশকের কবিদের মধ্যে অন্যতম। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে আছে – ইন্দ্রজাল কমিকস, নৈশ্যশিস, আত্মবিষ, আঁতাতের নারী আঁতাতের পুরুষ, যক্ষের প্রতিভূমিকা, ডার্করুম মঘানক্ষত্র। গদ্যগ্রন্থ হল – আমার অ্যাম্বুশ, নীল উপত্যকার রাখাল, আমার লিখনভঙ্গিমা। এছাড়া যৌথভাবে সম্পাদিত “বাংলা কবিতা” ম্যাগ, “ত্রিপুরার বাংলা কবিতা”, “উত্তর-পূর্বের বাংলা কবিতা” ইত্যাদি গ্রন্থ। সুকান্ত পুরস্কার এবং জয়দেব বসু পুরস্কার সম্মানে ভূষিত হয়েছেন। বুধবার কবির মরদেহ আগরতলায় আনা হবে। তাঁর এই অকাল মৃত্যুতে সকল সাহিত্যপ্রেমীরা ব্যথিত।
