রাতে পার্টি করতে গিয়ে রক্তাক্ত একদল যুবক-যুবতী! ভিডিও দেখে শিউরে উঠবেন

রাতে পার্টি করতে গিয়ে রক্তাক্ত একদল যুবক-যুবতী! ভিডিও দেখে শিউরে উঠবেন

#কলকাতা: দিব্যি খোশমেজাজে ক্লাবে পার্টি করতে এসেছিল কয়েক জন যুবক-যুবতীর একটি দল। কিন্তু মধ্য রাতে ক্লাবে গিয়ে মারধর-হেনস্থার মতো অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে, এমনটা বোধহয় কখনওই ভাবেননি তাঁরা।

আর সেই অমানবিক হেনস্থার ঘটনার ভিডিও-ই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video)। আর ভিডিও ছড়িয়ে পড়ার পরেই গ্রেফতার করা হয়েছে ক্লাবের ৬ জন বাউন্সারকে।

পুলিশ সূত্রে খবর, রবিবার মধ্য রাতে গুরুগ্রামের (Gurugram) উদ্যোগ বিহারের কাসা ডেনজা ক্লাবের ঘটনা। এই ঘটনায় দশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নিগৃহীত এবং প্রহৃত ওই দলটির মধ্যে এক জন আবার আইটি সংস্থার কর্মী। ওই ব্যক্তির অভিযোগ, তাঁর এক মহিলা বন্ধু এন্ট্রি লাইনের কাছে দাঁড়িয়েছিলেন। সেই সময় ওই তরুণীকে আপত্তিকর ভাবে স্পর্শ করে ওই ক্লাবের এক দ্বাররক্ষী।

মহিলা এই নিগ্রহের প্রতিবাদ করায় বেরিয়ে আসে ক্লাবের ম্যানেজার। বাউন্সারদের নির্দেশ দেয় যে, ওদের মারধর কর, যাতে ওরা এখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে জড়ো হয় অন্যান্য বাউন্সার এবং ম্যানেজাররা। একসঙ্গে মিলে তারা হেনস্থা করতে থাকে ওই মহিলাকে।

নিগৃহীত ওই দলটির অভিযোগ, “আমরা সবাই মিলে প্রতিবাদ করেছিলাম। তাই আট জন বাউন্সার (Bouncer) গেট থেকে ঠেলে টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে গিয়ে মারধর শুরু করে। আমরা ওই আক্রমণের জেরে মারাত্মক ভাবে আহত হয়েছি।

এখানেই শেষ নয়। আমরা যদি আবার ওই ক্লাবে যাই, তা-হলে আমাদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেন ক্লাবের ম্যানেজাররা।” অভিযোগকারী ব্যক্তি অভিযোগের সঙ্গে পুলিশের কাছে ভাইরাল ভিডিও ক্লিপটিও জমা করেছেন।

তাঁর আরও অভিযোগ, ওই বাউন্সাররা তাঁদের থেকে একটি স্মার্টওয়াচ এবং প্রায় ১২ হাজার নগদ টাকা ছিনতাই করে নিয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, বাউন্সাররা ওই অতিথিদের ওই দলটির ছেলেদের টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে এলোপাথাড়ি ঘুষি চালাচ্ছে। এক মহিলাই ঘটনার ভিডিও রেকর্ড করছে।

কান্নাকাটি করে তাঁকে বলতে শোনা যায় যে, রক্ত বেরোচ্ছে, এ-বার দয়া করে আপনারা থামুন। কিন্তু তাতেও থামেনি বাউন্সার। বারংবার চড়-থাপ্পড়-ঘুষি মারতে থাকে তারা।

ওই ঘটনার আর একটি ভিডিও ক্লিপে আবার দেখা যাচ্ছে যে, এক জন বাউন্সার আবার লাঠি দিয়ে মারছে ওই দলটিকে। ওই দলটিও পাল্টা মার দেওয়ার চেষ্টা করলেও বাউন্সারদের সঙ্গে এঁটে উঠতে পারছেন না।

ওই ক্লাবের ম্যানেজার ও বাউন্সার-সহ মোট ১০ জনের বিরুদ্ধে উদ্যোগ বিহার থানায় ভারতীয় দণ্ডবিধির ধারা ১৪৭ (শান্তিভঙ্গ), ধারা ১৪৯ (বেআইনি জমায়েত), ধারা ৩২৩ (কাউকে আঘাত করা), ধারা ৩৫৪-এ (শ্লীলতাহানি), ধারা ৩৭৯-এ (ছিনতাই), ধারা ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন)-এর আওতায় এফআইআর দায়ের করা হয়েছে।

উদ্যোগ বিহার থানার এসএইচও ইনস্পেক্টর অনিল কুমার বলেন, “আমরা ওই ক্লাব এবং তার এলাকার আশে-পাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি।

যত তাড়াতাড়ি সম্ভব সব অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।” যদিও বহু বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ওই ক্লাবের মালিক এবং ম্যানেজারদের কোনও জবাব মেলেনি।

Published by:Suman Majumder

(Source: news18.com)