
#ইংল্যান্ড: চোর-পুলিশের খেলা অনেক বছরের পুরনো। পুলিশের হাত থেকে বাঁচতে চোরেরা নানা ধরনের বুদ্ধির খেলা খেলে। তবে চোরেরা যা ভাবে, তার চেয়েও কয়েক কদম এগিয়ে থাকে পুলিশ। তাই প্রতিবারই চোরদের চালাকি শেষ পর্যন্ত পুলিশ ধরেই ফেলে। শুধু ভারতে নয়, বিদেশেও এভাবে চলে চোর, পুলিশের খেলা চিরন্তন। সম্প্রতি চোর, পুলিশের এমনই একটি ঘটনা সামনে এসেছে, যেখানে চোর নিজেকে আড়াল করতে এমন পদ্ধতি অবলম্বন করেছে যে পুলিশও অবাক!
যুক্তরাজ্যের এই ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন শুরু হয়েছে সর্বত্র। গাড়ি চুরির অভিযুক্তকে ধরতে যাওয়া পুলিশের এক বিশেষজ্ঞ দল শেষ পর্যন্ত ওই অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে পেয়েছে একটি টেডি বিয়ারের মধ্যে। ওই ব্যক্তিকে খুঁজে পেতে পুলিশকে অনেক লড়াই করতে হয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে একটি গাড়ি চুরির অভিযোগ দায়ের করা হয়েছিল।
জানা গিয়েছে যে গ্রেটার ম্যানচেস্টারে গাড়ি চুরির অভিযুক্তের খোঁজে পুলিশ যখন অভিযুক্ত ব্যক্তির বাড়িতে পৌঁছন, তখন তাঁরা প্রায় একটি দৈত্যাকার টেডি বিয়ারের সাক্ষাৎ পান। টেডি বিয়ারটি ছিল ৫ ফুট মতো লম্বা। ১৮ বছর বয়সী জোশুয়া ডবসন মে মাস থেকে পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিলেন। তিনিই গাড়িটি চুরি করে পালিয়েছিলেন। অভিযুক্তের ঠিকানায় ধাওয়া করে তাঁর বাড়িতে পৌঁছলে সেখানে পুলিশ এই দৈত্যাকার টেডি বিয়ারের সন্ধান পান। টেডি বিয়ারটিকে তখন অস্বাভাবিক লাগছিল। সেই সন্দেহে পুলিশ টেডি বিয়ারটিকে ভাল করে খতিয়ে নজর করলে তার ভিতরেই অভিযুক্তকে লুকিয়ে থাকতে দেখেন। ফেসবুকে (Facebook) এই ঘটনার কথা জানিয়েছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।
প্রায় পাঁচ ফুট উচ্চতার ওই টেডি বিয়ারটি আচমকা দেখলে বোঝার কিছু উপায় ছিল না। কিন্তু অনেকক্ষণ ধরে খোজাখুঁজির পর এক সময় আচমকা টেডি বিয়ারের শ্বাস-প্রশ্বাসের নড়াচড়া দেখে শেষ পর্যন্ত পুলিশের সন্দেহ হয় এবং তাঁরা আসল ব্যাপারটা বুঝতে পেরে অভিযুক্তকে গ্রেফতার করেন। ব্রিটিশ পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন যে, ‘গত সপ্তাহে একটি মোটর গাড়ি চুরি যাওয়ার রিপোর্ট লেখানো হয়েছিল, ওই গাড়িটি এর পরে একটি পেট্রোল পাম্প থেকে বিল পরিশোধ না করেই পালিয়ে যায়। সাজা ঘোষণা হওয়ার পরে অভিযুক্ত এখন কারাগারে রয়েছে’।
