সঙ্গী বই, দুপুরে বিশেষ মেনু, পার্থর স্বাধীনতা দিবস কাটল সেলের ভিতরেই

সঙ্গী বই, দুপুরে বিশেষ মেনু, পার্থর স্বাধীনতা দিবস কাটল সেলের ভিতরেই

কলকাতা : প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এখন আপাতত ঠিকানা প্রেসিডেন্সি জেলের সেল । বিগত বছরগুলো স্বাধীনতা দিবসে  তিনি কাটিয়েছিলেন হাজারো ব্যস্ততার মধ্যে । সোমবার স্বাধীনতা দিবসে  স্বভাবতই সম্পূর্ণ অন্য ছবি তাঁকে ঘিরে ৷

সোমবার প্রেসিডেন্সি জেলের সেল থেকে বাইরে বেরলেন না ইডির হাতে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়। সোমবার জেলের কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকা তো দূরের কথা, তাঁর সারাদিন কাটল সেলের অন্তরালেই । স্বাধীনতা দিবস উপলক্ষে জেলের পতাকা উত্তোলন থেকে অন্যান্য অনুষ্ঠান সব হলেও সেলের মধ্যেই নিজেকে নিজের মতো রাখলেন বলে সূত্রের খবর ।

প্রতিদিন নানা মেনু নিয়ে তৈরি হয় বন্দিদের খাবারের তালিকা ৷ কোনও দিন মাছ,  কোনও দিন মাংস,  কোনও দিন সোয়াবিন-সহ একাধিক আয়োজন থাকে ৷ স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার ছিল বিশেষ মেনুর আয়োজন ৷ এদিন বিশেষ মেনুতে ছিল ভাত,  মাছের মাথা দিয়ে ডাল, আলু পটলের তরকারি,  অন্যান্য সব্জির তরকারি,  সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের কালিয়া, কাজু কিশমিশ আমসত্ত্ব দিয়ে চাটনি,  রসগোল্লা ও বোঁদে।

প্রেসিডেন্সি সংশোধনাগারে সোমবার মোট আবাসিক সংখ্যা ছিল ২,৫৬৯ জন ৷ বাকিদের মতোই মধ্যাহ্নভোজের বিশেষ মেনু খেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । সূত্রের খবর অন্য দিনের মতোই তিনি নিজের সঙ্গে সেলে সারাদিন সময় কাটালেন বই পড়ে ।

জেল সূত্রের খবর,  এমনিতেই পার্থের দিন কাটছে মূলত বই পড়ে আর সেল-এর বাইরে দিনের বেলা খানিকটা ঘোরাঘুরি করে । যদিও সোমবার সকাল থেকেই অন্য মেজাজে ছিল প্রেসিডেন্সি জেল ৷ স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক কারণে ব্যস্ততাও ছিল বেশি । সূত্রের খবর সোমবার বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল তাঁর সেলের বাইরে।

Published by:Arpita Roy Chowdhury

(Source: news18.com)