
সান নিউজ ডেস্ক : রাজধানীর চকবাজারের কামালবাগের দেবীদাস লেনের চারতালা ভবনের প্লাস্টিক কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার।
সোমবার (১৫ আগস্ট) বিকেল পৌনে ৪ টার দিকে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।
এদিন সেখানে আগুনের সূত্রপাত হয় দুপুর ১২টার দিকে। এরপর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগা কারখানার ভবনসহ আশপাশের সব ভবনই ঝুঁকিপূর্ণ।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান দুপুর আড়াইটার দিকে ব্রিফিংয়ে এ তথ্য জানান।
কর্নেল জিল্লুর রহমান বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে এসে দেখি আশপাশের অনেক ভবনেই যত্রতত্র এ রকম বিভিন্ন ধরনের কারখানা গড়ে উঠেছে, যা খুবই ঝুঁকিপূর্ণ।
একদিকে ঘিঞ্জি এলাকা অন্যদিকে এসব কারখানায় যখন-তখন যেকোনো ঘটনা ঘটে যেতে পারে। পাশাপাশি অনেক ভবনে মানুষ বাসও করছেন। তাদের জন্যই ঝুঁকি তৈরি হতে পারে।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আগুনের সূত্রপাতের বিষয়ে বলেন, আগুনের সূত্রপাত ঠিক কীভাবে সেটা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত কমিটি গঠন করবো। তারপর জানতে পারবো আসলে কীভাবে আগুন লেগেছে।
তবে প্রত্যক্ষদর্শীরা বলেন, পাশের ভবনটিতে আগুনের সূত্রপাত হয় এবং সেখান থেকে চারতলা ভবনের নিচতলায় থাকা হোটেলে আগুন লাগে। সেখান থেকে প্রচণ্ড বাতাসে ভবনের চারতলায় প্লাস্টিক কারখানায় ও গোডাউন যে তলায়, সেখানে আগুন লেগে যায়।
সান নিউজ/এইচএন
