
#মুম্বই: বিরাট সাফল্য মুম্বই পুলিশের। গুজরাত থেকে মুম্বই পুলিশ উদ্ধার করেছেন প্রায় ১ হাজার ২৬ কোটির মাদক। শনিবার মুম্বই পুলিশের মাদক নিয়ন্ত্রণ শাখার পুলিশরা হানা দেন গুজরাতের অঙ্কলেশ্বরে। সেখান থেকেই মোট ৫১৩ কেজির মাদক উদ্ধার করেন তাঁরা। নিষিদ্ধ এই সব মাদকের বাজার মূল্য় প্রায় ১ হাজার ২৬ কোটি টাকা। আন্তর্জাতিক বাজারে এগুলি পাচার করার জন্য় জড় করা হয়েছিল বলে খবর।
পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, এই পাচার চক্রের পাণ্ডা গুজরাতের রসায়নের স্নাতকোত্তর বিভাগের ছাত্র গিরিরাজ দীক্ষিত। তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গিরিরাজ ও তাঁর সঙ্গী রসায়নের পড়ুয়া। তাঁরা গবেষণার মাধ্যমে এই মাদক তৈরির ফর্মুলা তৈরি করেছিল। সেই দিয়েই এঁরা মাদক তৈরি করত ও পাচার করত। সাম্প্রতিক সময়ে এত বিপুল অঙ্কের মাদক উদ্ধারের ঘটনা এর আগে ঘটেনি বলেই জানিয়েছে পুলিশ।
এই মাসের শুরুতেই মুম্বইয়ের নালাসুপারা থেকে মোট ৭০০ কেজি মাদক উদ্ধার হয়। সেই মাদকের আনুমানিক মূল্য় ছিল প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা। সেই মামলার জল গড়ায় অনেকদূর। বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালিয়ে মোট ১ হাজার ২১৮ কেজি মাদক উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা মাদকের মোট দাম ছিল মোট ২ হাজার ৪৩৫ কোটি টাকা। ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতারও করেছে পুলিশ। ঘটনার শুরু হয়েছিল মার্চ মাসে, যখন প্রথমবার ২৫০ গ্রাম মাদক উদ্ধার করে পুলিশ।
