
#কলকাতা: জট যেন আর কাটতেই চাইছে না৷ শিক্ষক নিয়োগ কান্ডে এবার নিউটাউন থেকে গ্রেফতার এক ব্যবসায়ী৷ সূত্রের খবর, প্রদীপ সিং নামের ওই ব্যক্তি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ৷ সূত্রের খবর, নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনেকের থেকে টাকা নিয়েছিল এই ব্যক্তি৷ অনেকে আবার চাকরিও পায়নি৷
এসএসসি দুর্নীতি মামলা নিয়ে রাজ্যে ডামাডোল অব্যাহত৷ গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ ২০ জুন মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি পদ থেকে অপসারণ করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, লুকিয়ে করা দ্বিতীয় নিয়োগ তালিকার ২৬৫ জনের নিয়োগে একাধিক অসঙ্গতি খুঁজে পান। আর তারপরেই তাঁকে সরিয়ে দেন।
অন্যদিকে আবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রাক্তন কনভেনার শান্তিপ্রসাদ সিনহা এবং এসএসসি-র প্রাক্তন সচিব অশোক সাহার সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ল আরও দু’দিন। সোমবার সিবিআইয়ের বিশেষ আদালতে নির্দেশ দেন বিচারক শুভার্থী সরকার। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় পার্থ ঘনিষ্ঠ এই ব্যবসায়ী এসএসসি-র প্রাক্তন সচিব অশোক সাহার নাম করেছে৷ ফল জটিলতা ক্রমেই বাড়ছে৷
