
Football
oi-Koushik Chakraborty
এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের ফলে প্রতিযোগীতা থেকে ছিটকে গিয়েছে ভারত। ভারতীয় দলকে ৫ উইকেটে হারায় বাবর আজমের দল। বাইশ গজে ভারতের হারের হিসেব পাকিস্তানের থেকে বুঝে নিল ভারতের মহিলা ফুটবল দল। মহিলা সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-০ গোলে পরাস্ত করল ভারত। ভারতের হয়ে দু’টি গোল করেন ডাংমেই গ্রেস এবং সৌম্যা, একটি আত্মঘাতী গোল করে পাকিস্তান। মহিলা সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। খেতাব ধরে রাখার লড়াইয়ে প্রতিযোগীতার প্রথম ম্যাচে যদি জয় আসে এবং তা-ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে তা হলে আত্মবিশ্বাস অন্য মাত্রা পায়।
এই ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ভারত। পাকিস্তানের অধিনায়ক মারিয়া জামিল খানের আত্মঘাতী গোল এবং ডাংমেই গ্রেসের গোলে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা ভারত দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায়। একের পর এক আক্রমণের সুনামির ঢেউ আছড়ে পড়ছিল পাকিস্তানের রক্ষণ দূর্গে। কিন্তু শেষ পর্যন্ত তৃতীয় গোলটি পেতে ভারতকে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধের শেষ লগ্ন পর্যন্ত। ম্যাচের ১৫ মিনিটে সান্ধিয়ার ক্রস পাকিস্তানের গোলরক্ষক শাহিদ বুখারি বাম দিকে ঝাঁপিয়ে বাঁচাতে গেলে তার হাত থেকে বল বেরিয়া রিবাউন্ডে মারিয়ার পায়ে লেগে জালে জড়িয়ে যায়। পায়ের জঙ্গলের মধ্যে থেকে দ্বিতীয় গোলটি পায় ভারত। ২৯ মিনিটে তিন নম্বর গোলটি তুলে নিতে পারত ব্লু টাইগ্রেস যদি না রঞ্জনার শট বারে লেগে প্রতিহত না হতো। রঞ্জনার শট গোলরক্ষক শাহিদকে পরাস্ত করলেও বারকে পরাস্ত করতে পারেনি।
এই ম্যাচে বিশেষ কোনও আক্রমণ তুলে আনতে পারেনি পাকিস্তান। ৫৫ মিনিটে ভারতের বক্সের বাইরে থেকে পাকিস্তান ফ্রি-কিক পেলেও তা থেকে বিশেষ কিছু করতে পারেনি। ভারতের আক্রমণের ঝাঁঝ এতটাই বেশি ছিল যে প্রায় পুরো দলটাই নিজেদের অর্ধে রক্ষণ সামলাচ্ছিল। এক মাত্র উপরে দিকে সতীর্থদের থেকে কোনও সাহায্য না পেয়ে দাঁড়িয়ে ছিলেন জুলফিয়া নাজির। এই অর্ধে একের পর এক কর্নার পেলের ভারতীয় মহিলা দল তা কাজে লাগাতে পারেনি। রঞ্জনার ক্রস ধরে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ভারতের হয়ে তৃতীয় গোলটি করে পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সৌম্যা। ১০ সেপ্টেম্বর (শনিবার) পরবর্তী ম্যাচে মলদ্বীপের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত।
(Source: oneindia.com)
